পরিবর্তন যাত্রার পর শনিবার কলকাতার ব্রিগেডে সমাবেশ করবে বঙ্গ বিজেপি। এই সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সমাবেশের জন্য বিশেষ ব্যবস্থা করলো রেল। বিজেপির ব্রিগেড সমাবেশের জন্য রেল দপ্তরের বিপুল ব্যয়।
জানা গিয়েছে উত্তরবঙ্গের প্রতিটি বিধানসভা ভিত্তিক একটা করে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে রেল। আট বগির ট্রেনে ছয়টি পুরুষ এবং দুটি মহিলাদের জন্য বগি রাখা হয়েছে। এছাড়াও কর্মীদের জন্য খাওয়া ও শোবার ব্যবস্থা থাকছে এই ট্রেনে। শুক্রবার সকাল ১১টায় এমন এক বিশেষ ট্রেন ধূপগুড়ি বিধানসভার বিজেপির কর্মীদের নিয়ে রওনা দিয়েছে কলকাতার উদ্দ্যেশ্যে। এদিন ট্রেন ছাড়ার আগে বিজেপির কর্মীরা চালক সহকারী চালককে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের এই দলীয় তোষণ ঘটনা দেখে স্টেশনে উপস্থিত যাত্রীরা অনেকেই বলেন জনগণের অর্থের এই অপচয় মেনে নেওয়া যায়না। কেউ কেউ বলেন অগ্রিম টিকিট কেটেও রেলের পরিষেবা অনেক সময় ঠিকমতো মেলেনা। অথচ দলীয় সমাবেশের জন্য রেলের এই তৎপরতা নিয়ে ক্ষোভ বাড়ছে।
Comments :0