Rajya Sabha Chairman on Amit Shah

সভার মনোভাব জানান স্বরাষ্ট্র মন্ত্রীকে, সংসদীয় মন্ত্রীকে নির্দেশ রাজ্যসভার চেয়ারম্যানের

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রীকে জানান সভার মনোভাব। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে এই মর্মে অনুরোধ জানালেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান।
রাজ্যসভায় বৃহস্পতিবারও অমিত শাহের বিবৃতির দাবিতে সরব ছিলেন বিরোধীরা। প্রায় দু’ সপ্তাহ সংসদে আলোচনা বন্ধ রয়েছে। দিল্লিতে ছাত্রদের ওপর লাঠি এবং পেলেট গান ব্যবহারের ঘটনায় অমিত শাহের জবাবদিহি দাবি করছেন বিরোধীরা। 
এদিকে সংসদে দু’টি গুরুত্বপূর্ণ বিল পাশ করতে চেষ্টা চালাচ্ছে সরকার। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ বিলের পাশাপাশি আসন সীমা পুনর্বিন্যাস বিল পাশ করিয়ে নিতে সচেষ্ট সরকার। গতকাল, বুধবার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে কথাও বলেছেন রিজেজু। তবে কংগ্রেস সহ বিরোধীরা এই দুই বিলে সমর্থন দিতে নারাজ। আসন সীমা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল আবার সংবিধান সংশোধনের বিল। ফলে উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন দরকার। দল ভাঙিয়েও প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছানো যাবে কিনা নিশ্চিত নয় বিজেপি। 
এর মধ্যে বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের সাংসদদের তীব্র বাদানুবাদ হয়। খাড়গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী এবং স্নরাষ্ট্র মন্ত্রীকে সভায় রেখে ছাত্রদের ওপর লাঠিচালানো সংক্রান্ত ঘটনার আলোচনা করতে হবে। এই দাবি বারবার তুললেও তাঁদের পাওয়া যাচ্ছে না।’’ তিনি বলেন, ‘‘আমরা দেশের ১৪০ কোটি মানুষের পক্ষে জরুরি বিষয়গুলি তুলতে চাইছি সংসদে। স্বরাষ্ট্র মন্ত্রীকে থাকতে হবে।’’ 
এর পর রাধাকৃষ্ণান রিজিজুকে বলেন, ‘‘সরকারকে অনুরোধ করব বিরোধীদের দাবি বিবেচনা করতে। বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে সভায় আসার জন্য বলছেন। এই বক্তব্য জানান মন্ত্রীকে।’’

Comments :0

Login to leave a comment