আশঙ্কা হুবহু মিলে গেল। ‘এমরেগা’ তুলে দিয়ে গ্রামাঞ্চলে কাজের নতুন আইন চালু হওয়ার পরই অর্ধেক হয়েছে কর্মসংস্থান।
১ জুলাই থেকে চালু হয়েছে ‘বিকশিত ভারত- গ্রামীণ রোজগার নিশ্চয়তা এবং আজীবিকা মিশন’ চালু হয়েছে। এই ‘ভিবি-জি রাম জি’-র জুলাইয়ের পরিসংখ্যান বের করেছে সরকার।
৯ আগস্ট প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনের তুলনায় ৪৯.৯৪ শতাংশ কমেছে গ্রামীণ নিশ্চয়তা প্রকল্পের কাজ।
সোমবার সারা দেশে ‘জেল ভরো’ কর্মসূচি যে যে দাবিতে হচ্ছে তার অন্যতম ‘ভিবি-জি রাম জি’ বাতিল। উন্নততর এম-রেগা ফিরিয়ে আনার দাবি তুলেছে দেশের কৃষক এবং খেতমজুর সংগঠনগুলি।
জুনেই শেষ কাজ হয়েছে ‘এমরেগা’-য়। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান যোজনায় ওই মাসে ১৫.৩৩ কোটি শ্রমদিবস তৈরি হয়েছিল। ‘ভিবি-জি রাম জি’ চালু হওয়ার পর জুলাইয়ে ৭.৬৭ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে।
মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বাতিল করে নরেন্দ্র মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক সংসদে পাশ করিয়েছে ‘ভিবি-জি রাম জি’ আইন। বিরোধীরা বারবারই বলেছিলেন যে নতুন আইনে কাজ কমবে। আগের আইনে গোটা দায়িত্ব ছিল কেন্দ্রের সরকারের ওপর। নতুন আইনটি কেন্দ্র পাশ করালেও তার বাস্তবায়নের বড় অংশ রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। জব কার্ড প্রাপকদের কাজ দেওয়ার দায়িত্ব সরকারের, এই নিশ্চয়তাও নির্দিষ্ট নয় নতুন আইনে।
এদিকে জুলাইয়ের পরিসংখ্যান নিয়েও দু’রকম তথ্য দিয়েছে কেন্দ্র। গ্রামোন্নয়ন মন্ত্রকের ‘ভিবি জি রাম জি’ ড্যাশবোর্ডে ৭.৬৭ কোটি শ্রমদিবসের উল্লেখ রয়েছে। কিন্তু গ্রামোন্নয়ন মন্ত্রক দাবি করেছে ৯ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
নরেন্দ্র মোদীর মেয়াদে লাগাতার গ্রামাঞ্চলে কাজের নিশ্চয়তা প্রকল্পে কর্মসংস্থান কমতে দেখা গিয়েছে। বাজেটেও বরাদ্দ নিয়মিত কমানো হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষেও ১.৭৫ কোটি পরিবার কাজ পেয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে সংখ্যা কমে হয়েছে ১.৪২ কোটি। মাঝে ২০২৩-২৪ অর্থবর্ষে সংখ্যা বেড়ে ২.০৯ কোটি হলেও, পরের ২০২৪-২৫ অর্থবর্ষে, পরিবারের সংখ্যা কমে হয়েছিল ১.৬২ কোটি।
50% Drop in Rural Jobs as VB- G RAM G in
‘জি রাম জি’-র প্রথম মাসেই কর্মসংস্থান কমে অর্ধেক!
×
Comments :0