আইনের তোয়াক্কা না করে সরকারি নোটিশ ছিঁড়ে ফেলার ঔদ্ধত্য! এবার খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। ধূপগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা এক বেসরকারি স্কুলের কর্ণধার অরূপ দের এই কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। একজন এক্সিকিউটিভ অফিসারের স্বাক্ষর করা আইনি নোটিশ এভাবে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় শাসকদলের ক্ষমতার দম্ভ নিয়েই প্রশ্ন তুলছেন ধূপগুড়ির সাধারণ নাগরিকরা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকার একটি বেসরকারি স্কুলের গেটে মহকুমা শাসকের নির্দেশে একটি আইনি নোটিশ সেঁটে দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই স্কুলটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। সেই কারণেই পৌরসভা ও প্রশাসনের তরফে নোটিশ দিয়ে স্কুলের বৈধ কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওই তৃণমূল নেতাকে। কিন্তু নোটিশ লাগানোর কিছুক্ষণের মধ্যেই সটান সেখানে হাজির হয়ে তা ছিঁড়ে ফেলে দেন তৃণমূল নেতা অরূপ দে।
নোটিশ ছিঁড়ে ফেলার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। মুহূর্তের মধ্যে প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছায় বিষয়টি। একজন সরকারি আধিকারিকের আইনি নির্দেশকে এভাবে বুড়ো আঙুল দেখানোর ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। মহকুমা শাসক নিজে উদ্যোগী হয়ে ধূপগুড়ি থানায় ওই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে বেগতিক বুঝে অভিযুক্ত তৃণমূল নেতা নোটিশ ছেঁড়ার কথা অস্বীকার করলেও, ভাইরাল ভিডিওর স্পষ্ট ফুটেজ তাঁর সেই দাবিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। ধূপগুড়ির সাধারণ মানুষও শাসকদলের এই ‘দাদাগিরি’ ও আইন অমান্য করার মানসিকতাকে ভালো চোখে দেখছেন না। পৌরসভা ও প্রশাসনের নির্দেশকে এভাবে অপমান করার পর অভিযুক্ত নেতার গ্রেপ্তার এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Dhupguri TMC Leader
তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় ধূপগুড়ি মহকুমা শাসক, দায়ের অভিযোগ
×
Comments :0