পরীক্ষায় আবেদনকারী এবং প্রকৃতপক্ষে অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যার মধ্যে এক অস্বাভাবিক পার্থক্য রয়েছে। নিটের পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ করতে হবে এই দাবি জানালো এসএফআই। প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে সংগঠনটি। এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টচার্য ও সভাপতি এস এম সাজি এই প্রেস বিবৃতি প্রকাশ করেছেন।
এসএফআই দাবি জানিয়েছে যে, এনটিএ'কে ২১ জুন নিট ইউজি'র পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করতে হবে। এর আগে ৩মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে সেই পরীক্ষা বাতিল করা হয়। এরপর এনটিএ ২১ জুন পুনঃপরীক্ষার ঘোষণা দেয়।
এসএফআই জানিয়েছে যে দেশজুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার জন্য আবেদনকারী এবং প্রকৃতপক্ষে অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যার মধ্যে এক অস্বাভাবিক পার্থক্য লক্ষ্য করা গেছে। পূর্ববর্তী পরীক্ষা বাতিল হওয়ার ঘটনা পরীক্ষার্থী ও তাদের পরিবারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে প্রায় ২০ জন পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং এনটিএ ও এমএইচআরডি এর ধারাবাহিক অনিয়মের কারণে বিপুল সংখ্যক পরীক্ষার্থী তীব্র মানসিক যন্ত্রণার শিকার হয়েছে। অথচ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে নীরব।
Comments :0