বারুইপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন রানিগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার রানিগঞ্জ নেতাজি মূর্তির সামনে প্রতিবাদে গর্জে ওঠে।
এদিনের প্রতিবাদ সভায় শামিল হয়ে ছাত্র-যুব-মহিলারা বলেন, "মেয়েদের সুরক্ষা তলানিতে ঠেকেছে। শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না। বাড়ি থেকে মেয়েরা বের হলেও অভিভাবকরা দুশ্চিন্তা করছেন।"
শনিবার রাতে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ রবিবার বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। বারুইপুরের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার সাথে ধর্ষণে অভিযুক্ত দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জয়া ভট্টাচার্য, সুকান্ত চ্যাটার্জি, কৃষ্ণা দাশগুপ্ত, গৌরব ধল্ল, সাধনা পাশোয়ান প্রমুখ। নেতৃবৃন্দের অভিযোগ, বারুইপুরের এই ঘটনায় অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরে স্থানীয় বিজেপি নেতা দলীয় প্রভাব খাটিয়ে পুলিশি হেফাজত থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যান। তাঁদের বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই ক্রমাগত ধর্ষণের ঘটনায় বিজেপির শাসকদলের নাম উঠে এসেছে। আসলে তৃণমূলের সাথে বিজেপির কোনও ফারাক নেই।
Baruipur incident protest in Raniganj
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রানীগঞ্জে মিছিল ছাত্র, যুব ও মহিলাদের
বারুইপুরে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রানিগঞ্জের ছাত্র-যুব-মহিলারা। ছবি- মলয়কান্তি মণ্ডল।
×
Comments :0