ভাগীরথীর পাড়ে বছর খানেক আগে তৈরি হয়েছিল সুন্দর সাজানো একটি পার্ক। বাহারি গাছ, আলো এবং পর্যটকদের বসার জন্য চেয়ার, সব মিলিয়ে অল্প সময়েই জায়গাটি হয়ে উঠেছিল গড়চুমুক পর্যটনকেন্দ্রের অন্যতম আকর্ষণ। এমনকী এই পার্কের ছবি একসময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকেও বহু পর্যটক এখানে এসে ভিড় করছিলেন। কিন্তু এখন সেই পার্কের ছবিটাই যেন বদলে গিয়েছে। পরিচর্যার অভাবে চারদিকে আগাছা, বসার জায়গার পাশে খাবারের প্যাকেট ও জমে থাকা আবর্জনা। নদীর সৌন্দর্য দেখতে এসে এমন অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষুব্ধ পর্যটকরা। এই ছবি বদলেছে নতুন সরকার আসার পর থেকেই।
হাওড়া জেলার অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র গড়চুমুক। চিড়িয়াখানার পাশাপাশি ভাগীরথী ও দামোদর নদীর সৌন্দর্য উপভোগ করতেও সারা বছর বহু পর্যটক এখানে আসেন। ভাগীরথী নদীর পাড়েই রয়েছে হাওড়া জেলা পরিষদের অতিথি নিবাস। কিন্তু নদীর ধারে পর্যটকদের বসার মতো নির্দিষ্ট জায়গার অভাব ছিল দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা মেটাতেই বছর খানেক আগে রাজ্য সরকারের উদ্যোগে নদীর পাড়ে তৈরি করা হয় এই পার্ক। পার্কটি তৈরির পর বসার চেয়ার, বাহারি গাছ এবং সুদৃশ্য আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। অল্পদিনের মধ্যেই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বর্তমানে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেই সৌন্দর্য কার্যত হারিয়ে যেতে বসেছে। পার্কের বসার জায়গার চারপাশে ছড়িয়ে রয়েছে নানা ধরনের খাবারের প্যাকেট ও আবর্জনা। কোথাও কোথাও আগাছা এতটাই বেড়ে উঠেছে যে পার্কের সৌন্দর্যই ঢাকা পড়ে গিয়েছে। ফুলের গাছগুলিরও দীর্ঘদিন ধরে পরিচর্যা হয়নি বলে। এমন পরিস্থিতিতে পরিবারের সঙ্গে আসা অনেক পর্যটকই বসার জায়গা ব্যবহার করতে চাইছেন না। শিশুদের নিয়েও সেখানে বসতে অস্বস্তি হচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা। ফলে বাধ্য হয়ে দাঁড়িয়ে থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে পর্যটকদের। পর্যটকদের বলেন, কয়েক মাস আগেও পার্কটি অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। তাঁদের অভিযোগ, প্রায় চার মাস ধরে ধীরে ধীরে জায়গাটির অবস্থা খারাপ হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও একই অভিযোগ করছেন। তাঁদের বক্তব্য, আগে একজন মহিলা নিয়মিত পার্ক পরিষ্কার করতেন। বর্তমানে তিনি আর সেই কাজ করছেন না। প্রায় এক মাস আগে স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে একবার এলাকা পরিষ্কার করেছিলেন। এরপর আর নিয়মিত পরিষ্কার না হওয়ায় ফের আবর্জনা ও আগাছায় ঢেকে গিয়েছে জায়গাটি। গড়চুমুকের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে নদীর পাড়ের এই পার্কটি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছিল। তাই এর রক্ষণাবেক্ষণে অবহেলা হলে শুধু পার্ক নয়, পর্যটনকেন্দ্রটির সামগ্রিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে আবর্জনা সরিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গাছপালার পরিচর্যার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি গোপা ঘোষ বলেন, পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একটি বেসরকারি এজেন্সিকে দেওয়া রয়েছে। তাদের নিয়মিত পরিষ্কার করার কথা। কিন্তু কেন পরিষ্কার করা হয়নি, তা খোঁজ নিয়ে দেখা হবে।
Garchumuk Tourist Spot
সৌন্দর্য হারাচ্ছে ভাগীরথীর পাড়ের সাজানো পার্ক
×
Comments :0