নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কোচবিহারে গ্রেপ্তার বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ঘনিষ্ঠ ৩জন। তাদের নাম পিন্টু রায়, কৃষ্ণ কার্য্যী ও উত্তম বর্মন। এই উত্তম বর্মন নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের শিক্ষক বলেও জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজিকে নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। আর এই বেফাঁস মন্তব্যের জেরেই বিতর্কের সৃষ্টি । এই বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে এই রাজ্যসভার সাংসদের অনুগামীদের সামাজিক মাধ্যমে পোস্ট। এই ঘটনার নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলি। রীতিমতো রাজ্যসভার সাংসদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া থেকে শুরু করে শাস্তির দাবি তোলেন অনেকে ।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং পোস্ট করার অভিযোগ ওঠে এই অভিযুক্তদের বিরুদ্ধে। তাদের নামে রীতিমতো মামলা দায়ের হয় কোচবিহার কোতোয়ালি থানায়।
এই প্রসঙ্গে বুধবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নেতাজিকে অপমান করার ঘটনা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশকে। এরপরেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার সকালেই ইসলামপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যার পর কোচবিহার ১নং ব্লকের পাটছড়া এলাকায় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পিন্টু রায়কে। এই ব্লকেরই পানিশালা এলাকার বাসিন্দা কৃষ্ণ কার্য্যীকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে নিশিগঞ্জ আউটপোস্টের পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত উত্তম বর্মনকে।
এদিন রাতেই ধৃত পিন্টু রায় ও কৃষ্ণ কার্য্যীকে নিয়ে আসা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। উত্তম বর্মনকে মাথাভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
Cooch Behar
কোচবিহারে গ্রেপ্তার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ ৩
×
Comments :0