বঙ্গোপসাগরের উত্তর অংশের আকাশে অস্বাভাবিক পুরু একটি ওজোন স্তরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রতল থেকে ২১ থেকে ২৩ কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে, ওজোন স্তরের খোঁজ মিলেছে।
বিজ্ঞানীরা বলছেন, সূর্যের আলোয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেনের অণু ভেঙে যায়। অক্সিজেনের দু’টি পরমাণু নিয়ে হয় অণু। পরিবর্তনের ফলে তিনটি অক্সিজেনের তিনটি পরমাণু ওজোন অণু তৈরি করে। ক্ষতিকর অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে রক্ষা করে বায়ুমণ্ডলে ওজোনের স্তর।
ভারতের বিভিন্ন বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত নেটআরএডি এসএমএ (Phase-I NetRAD-ASMA) যার অংশ আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অব অবজারভেশনাল সায়েন্সেস (ARIES), তার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এই ওজোন স্তরের খোঁজ পেয়েছেন।
বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন,
পূর্ব ভারতের আকাশে সাধারণত যে পরিমাণ ওজোন থাকে, তার তুলনায় এই স্তরে ওজোনের ঘনত্ব অনেক বেশি। অস্বাভাবিক এই ওজোন স্তর এক দিনেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। রাডার, আবহাওয়া বেলুন, উপগ্রহ চিত্র এবং উন্নত বায়ুমণ্ডলীয় মডেলের সাহাজ্যে এই খোঁজ মিলেছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। এছাড়াও আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ২০৬.৫ মেগাহার্টজ স্ট্র্যাটোস্ফিয়ার-ট্রপোস্ফিয়ার (ST) রাডার থেকে তথ্য সংগ্রহ করা হয়। হরিণঘাটা, গাদাঙ্কি এবং কোচির একই ধরনের রাডারের তথ্যও ব্যবহার করা হয়।
পর্যবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। দিন ও রাত—দুই সময়েই বর্ধিত ওজোন স্তরটি দেখা যায়। ফলে সূর্যালোকের প্রভাবে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়াকে এই স্তর তৈরির প্রধান কারণ বলে মনে করছেন না বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মত, বাতাসের চলাচল, গতির পরিবর্তন, অনুভূমিক বায়ুপ্রবাহ এবং উল্লম্ব বায়ু চলাচল কাজ করেছে ওজোন স্তর তৈরিতে।
বিজ্ঞানীরা বলছেন, ওজোনের ঘনত্ব বৃদ্ধির প্রধান কারণ হল ওজোনসমৃদ্ধ বায়ুর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হওয়া। এরপর সেই বায়ুর নিম্নমুখী চলাচল এবং সংকোচনের ফলে ওই অঞ্চলে ওজোনের ঘনত্ব বেড়ে যায়।
সাধারণত পৃথিবীর প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় ওজোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগতকে রক্ষা করতে এই ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (AGU) জার্নাল ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’-এ এই গবেষণার ফলাফল বের হয়েছে।
Unusual Ozone Layer on Bay of Bengal
বঙ্গোপসাগরের আকাশে অস্বাভাবিক ওজোন স্তর, নতুন তথ্য বিজ্ঞানীদের
×
Comments :0