Priyanka Gandhi in Parliament on student protest

ছাত্রদের ওপর পেলেট গান ব্যবহার, জবাবদিহি কে করবে ? সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্নের মুখে কেন্দ্র

জাতীয়

দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পেলেট গানের ব্যবহার নিয়ে মঙ্গলবার সংসদে সরব হলেন কংগ্রেস সংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এই ঘটনার জবাবদিহি কে করবে? এদিন সেই প্রশ্নই তোলেন প্রিয়াঙ্কা গান্ধী। 
এদিন সংসদে পরীক্ষায় অবৈধ উপায় রোধ বিল, ২০২৬ ( Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill) প্রসঙ্গে আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "ওই শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া, তাদের ওপর লাঠিপেটা করা কিংবা তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহারের কী প্রয়োজন ছিল? ওই আন্দোলনে অংশগ্রহণ করা তরুণীদের অপমান করা, তাদের পোশাক ছিঁড়ে ফেলা ও তাদের ওপর নৃশংসভাবে মারধর চালানোর কী দরকার ছিল? দেশের তরুণদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারেরই বা কী আবশ্যকতা ছিল? আন্দোলনকারীরা কি সন্ত্রাসবাদী?" 
তিনি বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী কি জবাব দেবেন? পেলেট গান চালানোর আদেশ কে দিয়েছিল? আদেশটি কে দিয়েছিল? আদেশটি কি প্রধানমন্ত্রী দিয়েছিলেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? তাঁরা কি জবাব দেবেন? শুধু কংগ্রেস দল নয়, গোটা দেশই এই প্রশ্ন করছে।" 
পরীক্ষা পরিচালনায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভকারীরা যখন ২০ জুলাই নয়াদিল্লিতে সংসদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন আন্দোলনকারীদের উপর পুলিশের দাঙ্গা মোকাবিলা বাহিনী ও র‌্যাফ তাঁদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা যখন যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন নীল পোশাক পরিহিত পুলিশের দাঙ্গা মোকাবিলা বাহিনী তাদের দিকে ধেয়ে যায়, বিক্ষোভস্থলের ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। তারপরই, ওই আন্দোলন রাজধানীর গণ্ডি পেরিয়ে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, " গোটা দেশের অভিভাবকরা জিজ্ঞাসা করছে, শিক্ষার্থীরা জিজ্ঞাসা করছে, শিক্ষকরা জিজ্ঞেস করছেন, এমনকি আজ গোটাদেশ যখন প্রশ্ন করছে তখন সেই প্রশ্নের উত্তর দেওয়া আপনার দায়িত্ব। দেশের যুবদের কেন ভয় পাচ্ছেন। এই দেশের কণ্ঠস্বরকে আপনারা কেন ভয় পাচ্ছেন, আর সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করার অধিকার আপনাদের কে দিয়েছে?" 
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হাজার হাজার যুবরা রাস্তায় নেমে এসেছিল। তারা গান্ধীজির দেখানো পথ অনুসরণ করে, গান গাইতে গাইতে ও হাসিমুখে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে, তাদের যন্ত্রণার কথা প্রকাশ করেছে। গণতন্ত্রের অত্যন্ত পবিত্র নীতি অনুযায়ী, তারা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার অধিকারকে প্রয়োগ করে।
শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের মাত্র দুই দিন পর সোমবার ধর্মেন্দ্র প্রধান সংসদে প্রবেশ করলে শাসকদলের সাংসদরা তাঁর গলায় উত্তরীয় পরিয়ে উল্লাসে মেতে ওঠেন, তাঁদের আচরণ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "পরশুদিন অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, আর গতকাল ঠিক এই 'মকর দ্বার'-এর সামনেই শাসক দলের সাংসদরা তাঁকে নিয়ে 'জিন্দাবাদ' ধ্বনি দিচ্ছিলেন। তাঁরা বিজয়ের স্লোগান দিচ্ছিলেন। সংসদে তাঁকে এমনভাবে স্বাগত জানানো হলো যেন কোনও  সুপারস্টার এসেছেন। কী অদ্ভুত পরিহাস!"

Comments :0

Login to leave a comment