icc women's t20 world cup

ভিউয়ারশিপে রেকর্ড, জনপ্রিয়তা সমানে বাড়ছে মহিলা বিশ্বকাপের

খেলা

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬ ক্রমশ জমে উঠছে। চলবে ১২ জুন থেকে জুলাই পর্যন্ত। এবারের খেলা হচ্ছে ইংল্যান্ডে। 
গত এক সপ্তাহে দর্শকের সংখ্যা, টেলিভিশন ভিউয়ারশিপ এবং ডিজিটাল এনগেজমেন্টে নতুন রেকর্ড গড়েছে এবারের মহিলা টি-২০ বিশ্বকাপ। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা যে সমানে বাড়ছে তার প্রমাণ এই তথ্য। 
এবার খেলছে বারোটি দল। রয়েছে আয়োজক ইংল্যান্ড, গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ভারত, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ভারতের হয়ে অধিনায়কত্ব করছেন হরমনপ্রীত কৌর। গত বছরের চ‌্যাম্পিয়ন নিউজিল্যান্ড গ্রুপ স্টেজের দু’টি ম্যাচে হেরে প্রায় ছিটকে গেছে।
ভারত দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে বড় জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। সেই ম্যাচে স্মৃতি মন্ধানা ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং দীপ্তি শর্মা ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। গ্রুপ পর্যায়ে প্রথম দু’টি ম্যাচই জিতেছে ভারত। 
পরবর্তীতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জয় তুলে নেয় ভারত। তবে দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে অফ-স্পিনার শ্রেয়াঙ্কা পাটিলের চোট। গোড়ালির চোটের কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন এবং তাঁর পরিবর্তে লেগ-স্পিনার প্রেমা রাওয়াতকে দলে নেওয়া হয়েছে।
ভারতের ওপেনার শেফালি বর্মা চলতি বিশ্বকাপে নিজের প্রথম টি-২০ বিশ্বকাপ অর্ধশতরান করেছেন। ইনিংসের পরে তিনি জানান, স্মৃতি মন্ধানার উপস্থিতি তাঁকে শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করে।
আয়োজক ইংল্যান্ড টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে শক্তিশালী লড়াইয়ের বার্তা দিয়েছে। ড্যানি ওয়ায়েট হজ অপরাজিত শতরান করে বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস উপহার দেন।
তবে ইংল্যান্ডের জন্য উদ্বেগের বিষয় অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের চোট। কাফ ইনজুরির কারণে তিনি অন্তত দুটি গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না।
স্কটল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ স্টেফানি টেলরের শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিং দলকে ৭ রানের গুরুত্বপূর্ণ জয় এনে দেয়।
গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড টুর্নামেন্টে প্রত্যাশা মতো শুরু করতে পারেনি। টানা দুটি পরাজয়ের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তাদের জন্য কার্যত 'করো বা মরো' অবস্থায় পৌঁছেছে। দুর্বল ফিল্ডিং এবং ক্যাচ মিস তাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ভারতের সামনে এখন সেমিফাইনালে পৌঁছানোর লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা যথেষ্টই।

Comments :0

Login to leave a comment