Birbhum

তৃণমূলের পথেই বিজেপি, চিনপাইয়ের সামান্য সমবায়েও মনোনয়নে বাধা

রাজ্য জেলা

তৃণমূলের দেখানো পথই প্রশস্ত করতে চাইছে বিজেপি। চন্দ্রকোনায় মিছিলের উপর আক্রমনের ঘটনার পর পরই সামান্য ছোট্ট একটি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন পর্বেও গা জোয়ারি, চোখ রাঙানির পথেই হেঁটেছে বিজেপি। বিরোধী প্রার্থীদের মনোনয়নে বাধা দিয়েছে। গত পনেরো বছর যে দৃশ্যের সাক্ষী হয়েছে রাজ্যবাসী, সেই দৃশ্যের ধারাবাহিকতায় ছেদ পড়েনি এখনও। বরং উন্মত্ততা, ঔদ্ধত্য উর্ধ্বমুখীই। 
বীরভূমের গ্রাম চিনপাই। যেখানে রয়েছে চিনপাই কৃষি সমবায় সমিতি। মাত্র ১৫০ ভোটার সংবলিত সমিতিকেও দখলদারির রাজনীতির আওতায় আনতে মরিয়া বিজেপি। ঠিক যেমনটা ছিল তৃণমূল। সেই সমবায়ের নির্বাচনে মঙ্গলবার ছিল ৯ আসনে মনোনয়নের দিন। বাম প্রগতিশীল জোটের সাত প্রার্থী তাঁদের সমর্থকদের সাথে নিয়ে এগিয়ে ছিল চিনপাই দাসপাড়ার উদ্দেশ্যে। সেখানেই রয়েছে সমবায়ের কার্যালয়। কার্যালয়ে ঢোকার ঠিক আগেই পথ আটকায়ে বিজেপি’র বাহিনী। 
তৃণমূল জমানায় দেখা সেই একইরকম আস্ফালন, হুমকিরই সাক্ষী হয় এই সমবায় সমিতি চত্বর। দুই পক্ষের মধ্যে চলে তুমুল বাকবিতন্ডা। বাম প্রগতিশীল প্রার্থীদের অভিযোগ, বিজেপি একদিন আগে থেকেই পথ আটকানোর প্রস্তুতি নিয়েছিল। ব্লকের নানা এলাকা থেকে লোকজন জড়ো করেছিল চিনপাইয়ে। খানাপিনার আসর বসিয়েই মনোনয়ন বানচালে ‘অগ্রনী’ বাহিনীকে একজোট করে রেখেছিল। জেদ নিয়ে মনোনয়ন দাখিল করার ক্ষেত্রে আর একটু এগোলে শারিরীক আক্রমন নেমে আসত নিশ্চিত। প্রগতিশীল সমবায় আন্দোলনের নেতা শ্রীযূত চক্রবর্তী, জগবন্ধু চ্যাটার্জীরা ক্ষোভের সাথে বলেছেন, ‘তৃণমূলের পথেই হাঁটছে বিজেপি। বিজেপি মানুষের শক্তিকে ভয় পাচ্ছে। তাই গায়ের জোরে দখলের পথ নিতে মরিয়া হয়ে উঠেছে। না হলে সামান্য ক্ষুদ্র এক সমবায় নির্বাচন বানচাল করতে এত আয়োজন করতে হয়। আমরা এদিনই ঘটনার প্রতিবাদ করে মিছিল করেছি। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ অব্যাহত থাকার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন হবে।’

Comments :0

Login to leave a comment