BRICS CPI-M

প্যালেস্তাইন: ব্রিকস ঘোষণার সঙ্গে মোদীর নীতিতে ফারাক স্পষ্ট, বলল সিপিআই(এম)

জাতীয়

দিল্লিতে ব্রিকস-র ঘোষণার সঙ্গে কেন্দ্রের সরকারের বিদেশনীতির পার্থক্য রয়েছে। সোমবার একথা বলেছে সিপিআই(এম)। 
প্যালেস্তাইনের প্রতি সংহতিকে দৃঢ় করার ঘোষণা করা হয়েছে ‘ব্রিকস’ ঘোষণাপত্রে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিআই(এম)।
একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা করা হয়েছে ব্রিকস-র দিল্লি ঘোষণাপত্রে। উন্নয়নশীল বিশ্বের স্বার্থরক্ষার ঘোষণাও করা হয়েছে। 
ব্রিকসের এই যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিপিআই(এম)। সেই সঙ্গে বলেছে, ব্রিকস-র এই ঘোষণার সঙ্গে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিদেশনীতির পার্থক্য সহজেই চোখে পড়ছে। 
উল্লেখ্য, গত ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস গোষ্ঠীর শীর্ষ সম্মেলন হয়েছে।
সিপিআই(এম) বলেছে, কেন্দ্রের উচিত শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদেশনীতিতে নতুন করে প্যালেস্তাইন, ইরান, কিউবা, ভেনেজুয়েলার মতো মার্কিন আগ্রাসন এবং নিষেধাজ্ঞায় আক্রান্ত দেশগুলির পাশে দাঁড়ানো। 
সিপিআই(এম) বলেছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে বস্তি অঞ্চল ঢেকে দিয়ে বাড়তে থাকা দারিদ্রকে আড়াল করতে চেয়েছে। গৃহহীন মানুষকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে। মোদী সরকারের এই চেষ্টা নিন্দনীয়।
সিপিআই(এম) বলেছে, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং গৃহহীনতার মতো সমস্যাকে কার্পেটের নিচে চাপা দেওয়া যায় না। অর্থনৈতিক পরিসংখ্যানের কারসাজি করে কিংবা প্রচারের ঝলমলে আয়োজনের আড়ালেও এই বাস্তবতাকে লুকিয়ে রাখা সম্ভব নয়। এই মুহূর্তে প্রয়োজন এই সমস্যাগুলির মোকাবিলায় বাস্তব ও কার্যকর পদক্ষেপ।

Comments :0

Login to leave a comment