ঝাড়খন্ডের আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হেমন্ত সোরেনের সরকার। সূত্রের খবর ইতিমধ্যে সরকারের একজন আধিকারিক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে পৌঁছে দিয়েছেন সরকারের বার্তা। জানানো হয়েছে পাঁচ সাতজনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে তৈরি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য বিশেষ কমিটি গঠন করেছে সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেই ক্ষোভ এবং অভিযোগ সামনে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।
গত কয়েকদিন ধরে আন্দোলনকারীরা ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) পরীক্ষার ফল বাতিল, জেপিএসসি ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) কাঠামোগত সংস্কার এবং নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারীদের দাবি, এই অভিযোগের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) অথবা রাজ্যের বাইরে থেকে অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে করা হোক।
জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের মুখপাত্র জীবন কুমার জানান, দাবিগুলির সমর্থনে মঙ্গলবার রাত থেকে তাদের পাঁচজন সহকর্মী, যার মধ্যে দুই মহিলা রয়েছেন, অনশনে বসেছেন। তিনি আরও জানান, খুব শিগগিরই সংগঠনের কোর কমিটির বৈঠকে ছাত্র-যুবদের দাবির সমর্থনে তিরঙ্গা মার্চ কর্মসূচি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
অনশনকারী সবিতা কুমারী বলেন, সরকার দীর্ঘদিন ধরে তাদের দাবির প্রতি সাড়া না দেওয়ায় বাধ্য হয়েই তারা এই কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
আর এক অনশনকারী হাবিবার কথায়, ‘মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবকের মতো। সন্তানরা যখন না খেয়ে থাকে, তখন অভিভাবকেরও কষ্ট হয়। তাই আমরা আশা করছি, তিনি আমাদের অভিযোগ ও দাবি গুরুত্ব দিয়ে শুনবেন।’
তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বারবার বলেন সরকার সংবেদনশীল। সেটা যদি সত্যিই হয়, তাহলে আমরা শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ এবং ন্যায়বিচার চাই।’
এদিকে, মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবিগুলি নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবছে। তিনি বলেন, সব দিক খতিয়ে দেখে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে এবং তাতে আন্দোলনকারীদের উদ্বেগের সমাধান হবে বলে তিনি আশাবাদী।
নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে ঝাড়খণ্ড পুলিশের সিআইডি ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করেছে। বাড়তে থাকা আন্দোলনের জেরে জেপিএসসি গত ২৫ থেকে ২৭ জুলাই নির্ধারিত সম্মিলিত সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষা অনিবার্য কারণ উল্লেখ করে স্থগিত করেছে।
তদন্তের অংশ হিসেবে সিআইডি ২৮ জুলাই থেকে প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যান এল. খিয়াংতেকে চার দফা জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি রাঁচি, পালামু, হাজারিবাগ, বোকারো এবং ধানবাদ জেলার মোট ১৮টি স্থানে তল্লাশি চালিয়ে নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।
Jharkhand
আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে তৈরি ঝাড়খন্ড সরকার
×
Comments :0