সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করার অভিযোগে নদিয়ার করিমপুরের এক কলেজছাত্রীর গ্রেপ্তারিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ছাত্রী, যিনি স্থানীয়ভাবে টিনা নামে পরিচিত। আসল নাম নুরজাহান মণ্ডল। তিনি করিমপুর পান্নাদেবী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রের দাবি, প্রথমে হোগলবাড়িয়া থানার পুলিশ নুরজাহানের বাড়িতে গিয়ে তার মোবাইল ফোন চেক করে এবং ফেসবুকে করা একটি পোস্ট মুছে ফেলতে বলে। অভিযোগ, পুলিশ তাকে ভবিষ্যতে এ ধরনের পোস্ট না করার জন্য সতর্কও করে।
এরপর, পরদিন তাকে মৌখিকভাবে থানায় ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয় এবং তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। সেই সময় থানার বাইরে কয়েকজন বিজেপি সমর্থক জড়ো হন বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাতে নুরজাহানের প্রকৃত পরিচয় জানার পর তার বিরুদ্ধে এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পরে রাত ১১টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাকে তেহট্ট আদালতে তোলা হয়। তবে সরকারি আইনজীবী উপস্থিত না থাকায় সেদিন শুনানি না হওয়ায় তাকে জেল হেপাজতে পাঠানো হয়। পরে বুধবার শুনানিতে আদালত তার জামিন মঞ্জুর করে।
ওই ছাত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬(২), ১৯৭(১)(ডি), ১৯৬, ২৯৯ এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়।
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর শুক্রবার বিকেলে সিপিআই(এম)-এর করিমপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জী, নদিয়া জেলা কমিটির সদস্য নাদির হোসেন মণ্ডল এবং এরিয়া কমিটির সদস্য শঙ্কর মণ্ডল, নিয়ামত মণ্ডল-সহ দলের প্রতিনিধিরা নুরজাহানের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।
নুরজাহানের বাবা মহাসেন মণ্ডল দাবি করেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে তার মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কথায়, ‘তৃণমূল ক্ষমতায় আসার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ করায় অম্বিকেশ মহাপাত্র গ্রেপ্তার হয়েছিলেন। আবার বিজেপি ক্ষমতায় আসার পর একই কারণে এক কলেজছাত্রী গ্রেপ্তার হল। একই মুদ্রার এপিঠ-ওপিঠ, পার্থক্য কিছুই নেই।’
তবে এই অভিযোগগুলির বিষয়ে হোগলবাড়িয়া থানার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ কী কারণে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে, সে বিষয়েও এখনও জানানো হয়নি।
Karimpur
ফেসবুক পোস্ট ঘিরে কলেজ ছাত্রীকে গ্রেপ্তার, জামিনের পর বাড়িতে সিপিআই(এম) প্রতিনিধিদল
×
Comments :0