Monsoon Session 2026

লোকসভায় ধ্বনি ভোটে পাশ প্রশ্ন ফাঁস রোধ বিল

জাতীয়

ধ্বনি ভোটে লোকসভায় পাশ ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে পড়ুয়া আন্দোলনের মধ্যেই সোমবার লোকসভায় এই বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। 
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। এই সংশোধনী বিলের মাধ্যমে দু'বছর আগে প্রশ্নফাঁস বিরোধী আইনে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নিট-ইউজি প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলে প্রতিটি রাজ্যে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি, অপরাধীদের জন্য আরও কঠোর শাস্তির কথা হয়েছে। বিল অনুযায়ী, প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্ত সর্বোচ্চ দু'মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
এছাড়াও, প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বর্তমান আইনের তুলনায় আরও কঠোর শাস্তি এবং বেশি অঙ্কের আর্থিক জরিমানার প্রস্তাবও রয়েছে। বর্তমানে প্রশ্নফাঁসের মামলায় দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। কোনও পরিষেবা প্রদানকারী সম্ভাব্য অপরাধের তথ্য গোপন করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা করা যেতে পারে। সংগঠিত অপরাধের ক্ষেত্রে বর্তমানে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।
প্রশ্ন ফাঁসের তদন্তের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের বিষয়ও উল্লেখ করা হয়েছে বিলে।

Comments :0

Login to leave a comment