ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামুদ্রিক প্রতিরক্ষা উদ্যোগে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশকে যুক্ত করার যে কোন উদ্যোগের বিরোধিতা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের বক্তব্য, এ ধরনের পদক্ষেপ দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির পরিপন্থী এবং বাংলাদেশকে একটি অনাকাঙ্ক্ষিত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।
রবিবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল ইরানকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভাব্য সামুদ্রিক প্রতিরক্ষা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার প্রচেষ্টায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তাদের কথায়, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে সৌদি আরবের নেতৃত্বাধীন কোন সামরিক বা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে যুক্ত করা হলে তা দেশের জন্য নতুন সংকট ও সংঘাতের ঝুঁকি তৈরি করবে। জনগণকে অন্ধকারে রেখে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বাধীন পররাষ্ট্রনীতির পরিপন্থী হওয়ার পাশাপাশি দেশকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির দিকেও ঠেলে দিতে পারে বলেও তারা মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি স্বাধীনতা, ভারসাম্য ও জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা বা আঞ্চলিক সামরিক জোটে জড়িয়ে পড়ার পরিবর্তে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখাই দেশের স্বার্থ রক্ষার একমাত্র পথ। সেই কারণে সরকারকে সম্ভাব্য ওই জোটে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সরকারের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদের নীতির অনুসরণ করছে। এর ফলে বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থানের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা বলেন, এ ধরনের পদক্ষেপ দেশের জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বাংলাদেশের স্বাধীন ও স্বতন্ত্র পররাষ্ট্রনীতিকে দুর্বল করে দিতে পারে।
নেতৃত্ব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক কোন সামরিক বা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বাংলাদেশের দীর্ঘদিনের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যা বাংলাদেশকে অপ্রয়োজনীয় কূটনৈতিক বা সামরিক জটিলতায় ফেলতে পারে।
Bangladesh
ইরান বিরোধী সামুদ্রিক জোটে বাংলাদেশকে যুক্ত না করার আহ্বান ওয়ার্কার্স পার্টির
×
Comments :0