Terrorist Attack Pakistan

উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক

উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে দুই মহিলা এবং দুই শিশুও রয়েছে। আহত আরও ১৮ জন।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই আত্মঘাতী হামলা চালায়। পুলিশের একটি চেকপোস্টে হামলা চালালে অন্তত ১২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। 
পাকিস্তানের জাতীয় জরুরি পরিষেবা ‘রেসকিউ ১১২২’-এর তরফে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা তহশিলে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ আধিকারিক খান মুবাশির মালিক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি নিয়ে আত্মঘাতী হামলাকারী আমান মেলা পুলিশ চেকপোস্টে ধাক্কা মারে। হামলায় ১২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে শুল্ক ও আবগারি দফতরের দুই আধিকারিকও রয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহও সেখানে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। হামলার পর নিরাপত্তাবাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলা, আফগানিস্তান থেকে সশস্ত্র বাহিনীর সীমান্ত পেরিয়ে প্রবেশ এবং একাধিক সামরিক অভিযানের কারণে অশান্তি রয়েছে।
সরকারি স্তর থেকে টিটিপি-কে এই প্রদেশে একের পর এক হামলার জন্য দায়ী করেছে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই সংগঠনটি হামলা চালিয়ে আসছে বলে সরকারের অভিযোগ।

Comments :0

Login to leave a comment