Assembly 2026 Mangalkot

ভোটার তালিকায় নাম নেই, তাড়া তৃণমূলের প্রার্থীকে

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

মঙ্গলকোটের গ্রামে প্রচারে সিপিআই(এম) প্রার্থী মিরাজ আলম শেখ।

শঙ্কর ঘোষাল: মঙ্গলকোট
তখন বেলা ১১টা। তৃণমূলের প্রার্থী প্রচারে গিয়েছেন মঙ্গলকোট পঞ্চায়েত অফিসের সামনে টালি পাড়ায়। এই গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। বাসিন্দারা তৃণমূলের প্রার্থী অপূর্ব চৌধুরীকে ঘিরে ধরলেন। কেন এত মানুষের নাম বাদ গেছে তার জবাব চাইলেন। তাঁরা ভোট দিতে পারবেন কিনা প্রশ্ন করলে অপুর্ব চৌধুরী জানিয়ে দেন এবার বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন না। ভোটের পরে যাতে নাম ওঠে তিনি দেখবেন। 
এমন জবাব শুনে মানুষ খেপে ওঠেন। মহিলারা ঝাঁটা, ছেলেরা লাঠি নিয়ে তেড়ে গেলে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালালেন তৃণমূলের প্রার্থী। 
মঙ্গলকোটের শুধু এই গ্রাম নয়, বনকাপাশি গ্রামেও নাম বাদ যাওয়া ভোটাররা  তৃণমূলের প্রার্থী তাড়া করেছে। তৃণমূল ও বিজেপি’র বোঝাপড়াতেই যে এসআইআর’র ফাঁদ পেতে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে তা মঙ্গলকোটের গ্রামে গ্রামে সাধারণ মানুষ বুঝে গেছেন। 
২০১১’র পর এই মঙ্গলকোটকে সন্ত্রাসের আঁতুড় ঘরে পরিণত করেছিল তৃণমূল। সকালে বোমা বারুদের শব্দে মানুষের ঘুম ভাঙতো।  সেই মঙ্গলকোট বিধানসভার বিস্তীর্ণ এলাকায় মানুষের ভয় কাটছে। শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ, ঘৃণা নিয়ে বাসিন্দারা এখন লাল ঝান্ডাকে ধরেই বাঁচার স্বপ্ন দেখছেন। 
সিপিআই(এম) এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে খেতমজুর মিরাজ আলম শেখকে। তিনি যে গ্রামেই প্রচারে যাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বেড়িয়ে লাল ঝান্ডার মিছিলকে লম্বা করেছেন। এমনই দৃশ্য দেখা গিয়েছে মঙ্গলকোটে কুলসোনা গ্রামে। তৃণমূলের হুমকিকে উপেক্ষা করে গ্রামের মানুষ লাল পতাকায় সাজিয়ে তোলেন এলাকা। হুমকি দিলেও পতাকা খোলার সাহস দেখায়নি শাসকদল। 
মঙ্গলকোটে মানুষের সব থেকে বড় দাবি শান্তি ও আইনের শাসন ফিরিয়ে দেওয়ার। দাবি অর্জিত অধিকার ফিরে পাওয়ারও। 
সিপিআই(এম) নেতা জয়ন্ত দত্ত অভিযোগ করেছেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে আমরা ভোট দিতে পারব তো? নাম বাদের জন্য তৃণমূল ও বিজেপিকে কাঠগড়ায় চড়িয়েছেন মানুষ। বিজেপি এখানে এখনো প্রচারেই নামতে পারেনি।  বেআইনি বালি ভরা গাড়ির অবাধ চলাচলের ফলে রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ। বালি মাফিয়ার থেকে টাকা নিয়েছে তৃণমূল। তার উপর গরিবের কাজ নেই, ১০০ দিনের কাজ বন্ধ করার জন্যও তৃণমূল ও বিজেপিকে সমানভাবে দায়ী করছেন মঙ্গলকোটের মানুষ। 
প্রাক্তন বিধায়ক শাজাহান চৌধুরী জানিয়েছেন, এবার নির্বাচনে তৃণমূল কোথাও পায়ের তলায় মাটি পাচ্ছে না। পাশাপাশি সিপিআই(এম)’র প্রচারে মানুষের ঢল যেন বিজয়ের আগাম বার্তা দিচ্ছে এক সময়ের লাল দুর্গ মঙ্গলকোটে। 

Comments :0

Login to leave a comment