Minakhshi Mukherjee Coochbehar

বিজেপি-কে না সরালে বাঁচবে না দেশ, বাঁচবেন না মানুষ; মীনাক্ষী

জেলা

মাথাভাঙা নজরুল সদনে কর্মীসভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি। ছবি: জয়ন্ত সাহা

মোদী সরকারের ব্যর্থ নীতির কারণেই দেশে চাকরি নেই, মজুরি বাড়েনি। বিজেপি’র শাসনের আক্রমণের এই বাস্বতা হাজির করতে হবে জনতার কাছে। বিজেপি-কে সরকার থেকে না সরাতে পারলে দেশও বাঁচবে না, মানুষও বাঁচবে। 
মঙ্গলবার মাথাভাঙা ও কোচবিহারে দুটি কর্মীসভায় একথা বলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তিনি বলেছেন, দেশ, রাজ্য, জেলায় প্রতিদিন বিজেপি যে অত্যাচার করছে, অবিচার করছে, বিভেদ ছড়াচ্ছে, সেসব নিবিড়ভাবে তুলে ধরতে হবে জনতার কাছে। বুথ স্তর থেকে আরও শক্তিশালী করতে হবে পার্টিকে। প্রতিদিন ধৈর্য্য ধরে বাড়ি বাড়ি যেতে হবে।
এদিন মাথাভাঙার কর্মীসভার শুরুতে শীতলখুচিতে গো-রক্ষক বাহিনীর হাতে নিহত মন্টু মিয়ার পরিবারের হাতে অর্থ তুলে দেন মীনাক্ষী মুখার্জী, অনন্ত রায় ও অন্যান্য নেতৃত্ব।
মঙ্গলবার কোচবিহার শহরে কোচবিহার-১ এবং কোচবিহার-২ ব্লকের এবং মাথাভাঙা নজরুল সদনে মাথাভাঙা ও মেখলিগঞ্জে সিপিআই(এম) কর্মীদের নিয়ে দুটি পৃথক কর্মীসভা হয়। দু’টি কর্মীসভাতেই মীনাক্ষী মুখার্জি বলেন, বাম মনোভাবাপন্ন শক্তিকে একজোট করার পাশাপাশি গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে।
মাথাভাঙার কর্মীসভায় মীনাক্ষী বলেন, দেশের সরকার, রাজ্যের সরকার সুকৌশলে মানবিক অনুভূতিকে ধ্বংস করতে চাইছে।আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছতে হবে। কারণ নতুন প্রজন্ম গত ৬ মাসেই বুঝে গেছে রাজ্যের এই সরকারটাও তৃণমূল সরকারের মতোই। এদের বাড়তি খারাপ কাজ হলো, সব কিছুতে ধর্মকে মিশিয়ে দিচ্ছে।
এদিন কোচবিহার শহরের কর্মীসভায় মীনাক্ষী মুখার্জি বলেন, পার্টির থেকে সরে যাওয়া, নড়ে যাওয়া, বসে যাওয়া কর্মীদের ফেরাতে হবে। তাঁদের সঙ্গে নিয়ে নিবিড় প্রচারাভিযান চালানোর কাজ শুরু করতে হবে। আমাদের বুথে বুথে দূর্গ গড়তে হবে। আর সেখানে নিয়ে আসতে হবে অনেক নতুন মুখকে। বাড়াতে হবে মিছিলের দৈর্ঘ। 
এদিন দুটি কর্মীসভায় সিপিআই(এম) জেলা সম্পাদক অনন্ত রায় বলেন ,বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর গরিব মানুষের ওপর অত্যাচার বেড়েছে। মানুষের আয়ের পথ বন্ধ হচ্ছে। গ্রামে কাজ নেই। ভিন রাজ্যে কাজের জন্য যাওয়ার প্রবণতা বাড়ছে।
এদিনের দু’টি কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রসেনজিৎ বর্মন, খগেন বর্মন ও মকসেদুল ইসলাম। 
এদিন মাথাভাঙায় কর্মীসভা শেষে সাংবাদিকদের  প্রশ্নের উত্তর দেন সিপিআই(এম) মীনাক্ষী মুখার্জি। 
উল্লেখ্য, দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় সাংবাদিকদের বলেছেন যে আবাসের জন্য কেউ উপভোক্তার কাছে টাকা চাইলে তাঁকে যেন জানানো হয়। এই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, এতো সেই ঠাকুরঘরে কে, আমি তো কলা খাই নি-র মতো অবস্থা!  দলের লোক টাকা তুলছে, উনি পুলিসকে আইনি ব্যবস্থা নিতে বলছেন না কেন?
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,সারা রাজ্যের মতো কোচবিহারেও নারী সুরক্ষা নেই। নারী নির্যাতন হচ্ছে। অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করছে না। বিচার তো অনেক দূরের কথা। তৃণমুল আমলে জেলার নাজিরহাটে মহিলা নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা দিনহাটায় এসেছিলেন। অথচ বিজেপি’র আমলে বিজেপি’রই হাতে একের পর এক নারী নির্যাতন হচ্ছে। অথচ রাজ্য আর কেন্দ্রের মহিলা কমিশন ঘুমোচ্ছে।

Comments :0

Login to leave a comment