Cargo Ship Fire At China

চীনের কার্গো জাহাজে ভয়াবহ আগুনে মৃত ২০

আন্তর্জাতিক

চীনের একটি বন্দরে নোঙর করা একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। ঘটনায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে তাঁদের অবস্থা স্থিতিশীল।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী আগুন লাগা জাহাজটির নাম'ওশান মেলোডি'। ঘটনার সময় মোট ৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাহাজটি মেরামতের জন্য বন্দরে নোঙর করা হয়েছিল। চীনের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত ছিংদাও বন্দরে ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানি’ এই মেরামতের কাজ করছিল।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ জাহাজটিতে আগুন লাগে এবং দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে জাহাজের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং জাহাজ থেকে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করতে হবে।
জাহাজ ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ‘মেরিনট্রাফিক’র তথ্য অনুযায়ী, ‘ওশান মেলোডি’ হলো লাইবেরিয়ার পতাকাবাহী ১৯০ মিটার (৬৩২ ফুট) দীর্ঘ একটি পণ্যবাহী জাহাজ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, ছিংদাও হলো বিখ্যাত ‘ছিংদাও বিয়ার’-এর উৎপত্তিস্থল। এটি বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টিরও বেশি বন্দরের সঙ্গে সংযুক্ত।
জাহাজটিতে কী কারণে আগুনে লাগলো, তা জানা যায়নি। আগুন লাগার সময় সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment