মীর আফরোজ জামান: ঢাকা
লালমনিরহাট সীমান্ত দিয়ে এক সঙ্গে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিল বাংলাদেশ। ঢাকা দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের তিনটি পৃথক পয়েন্টে ৩৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্তে টহলরত বিজিবি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। শুক্রবার সকালে উত্তরবঙ্গীয় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ১৫ ও ৬১ ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী, তিস্তা ব্যাটালিয়ন বিজিবি-৬১’র অধীনে থাকা বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এদের মধ্যে বড়খাতা এলাকায় ৩ জন পুরুষ ও ৮ জন মহিলা এবং পয়ষট্টিবাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা ছিলেন। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ ১৫ বিজিবির অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭/৭ এস এর নিকট ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে থাকে। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।
বিজিবির আধিকারিকরা জানান, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মহিলা শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, তিনজন মহিলা ও পাঁচজন শিশু। চুয়াডাঙ্গা-৬ বিজিবির তরফে জানানো হয়েছে, বারাদি বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক কাজ শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের ১০টি পুশইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত অঞ্চলে বিজিবির সতর্ক টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফলে এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক আইন, সীমান্ত ব্যবস্থাপনা নীতি এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন বাংলাদেশ মেনে নেবে না। দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে বলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানিয়েছে, পুশইনে ব্যর্থ হওয়া ৩৩ জন মহিলা -পুরুষ বর্তমানে কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। তারা বাংলাদেশের নাগরিক নাকি ভারতীয় নাগরিক- সেই পরিচয় শনাক্ত করার জন্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া আধিকারিক লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘‘পুশ ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
Push In
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বাংলাদেশ
×
Comments :0