Push In Attempt

ফের সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি, দাবি বাংলাদেশের

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশুসহ মোট ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির টহলদল বিষয়টি লক্ষ্য করে ওই পাঁচজনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
মেজর তোয়াসীন হাবীব হাসান, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সতর্ক ও দায়িত্ব পালন করে যাচ্ছে। 
গত দুই মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে পুশব্যাকের অন্তত দুটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ১০ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় সীমান্তরক্ষী বাহিনী।
জুলাই মাসে সিলেট সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা বিজিবি প্রতিহত করে। এর দুই দিন পর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আরও তিন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হলে বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। 
বিজিবি জানিয়েছে, যথাযথ যাচাই-বাছাই ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে দায়িত্বরত সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাকের চেষ্টা প্রতিহত করছে বাংলাদেশ বর্ডার গার্ড।

Comments :0

Login to leave a comment