মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, শুক্রবার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে দাবি উঠেছে সারা দেশে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও।
গত মঙ্গলবার, ১৯ মে, সকালে রাজধানীর মিরপুরের দ্বিতীয় শ্রেণির এই ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় বাংলাদেশের বিভিন্ন অংশ প্রতিবাদ জানাচ্ছে।
শিশুর পরিবারের বাসভবনেই পাশের ফ্ল্যাটে ওই শিশুকে ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।
ঘটনার দিন সকালে ওই শিশুকন্যা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। বাড়িতে না ফেরায় পরিবার খোঁজা শুরু করে। তার মা পাশের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান।
বাইরে কোথাও না পেয়ে পাশের ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে ৯৯৯-এ জানানো হয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশুর মাথাবিহীন মরদেহ এবং বাথরুম থেকে বালতিতে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, প্রতিবেশীর বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে হত্যা করা হয়।
এদিকে শুক্রবার মিরপুর সাড়ে ১১ নম্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সিপিবি‘র প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ লুনা নূর, ডা. সাজেদুল হক রুবেল, লাকি আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।
সাজ্জাদ জহির চন্দন বলেন, ”বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে।’’
সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Comments :0