Oman Ship Sailor

ওমানের জাহাজে মৃত ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের ব্যবস্থা হয়নি তিন দিনেও

আন্তর্জাতিক

ছবি প্রতিনিধিত্বমূলক।

গুরুতর অসুস্থতার কারণে জাহাজেই মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। ওমানের উপকূল এলাকায় দু’দিন ধরে তাঁর দেহ পড়ে রয়েছে জাহাজেই। দেহে পচন আটকাতে ওয়টার বটল থেকে ঠাণ্ডা জল ব্যবহার করছেন সহকর্মীরা।
অশান্ত মধ্য প্রাচ্যে এমটি সেসেসিয়াল জাহাজে এই শোচনীয় পরিস্থিতি নজরে এনেছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া। দেহ দ্রুত উদ্ধার করে ঘরে ফেরানোর দাবি জানিয়েছে এই সংগঠন। 
সিমেনস ইউনিয়ন সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘‘পঁয়ত্রিশ বছরের সেকেন্ড অফিসার নিশান্ত উরথানাথন গত ১১ জুন জাহাজেই গুরুতর অসুস্থ হয়ে মারা যান। দু’দিনের বেশি তাঁর দেহ জাহাজেই রয়েছ। দেহ সংরক্ষণের কোনও ব্যবস্থা নেই। সহকর্মীরা ওয়াটার বটলের ঠাণ্ডা জল দেহে পচন ঠেকানোর চেষ্টা করছেন। ভয়ঙ্কর পরিস্থিতি। বাকিদের পক্ষেও বিপজ্জনক।’’ 
জাহাজ কর্মীদের এই সংগঠন বলেছে যে মধ্য প্রাচ্য অশান্ত। এই পরিস্থিতিতে বারবার বিভিন্ন স্তরে জানিয়েও কোনও ফল হয়নি। সেই সঙ্গে সংগঠনের দাবি, ‘‘ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। কেন বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি খতিয়ে দেখা উচিত।’’ 
এর আগে ভারতীয় তেলবাহী জাহাজে তিন নাবিকের মৃত্যু হয়েছে সরাসরি আমেরিকার আক্রমণে। ‘অবরোধ উপেক্ষা করে ইরানের তেল নিয়ে যাওয়ার’ যুক্তি দেয় আমেরিকা। পরে আবার আমেরিকার রাষ্ট্রপতি দাবি করেন ইরানের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান তার কড়া প্রতিবাদ জানায়। ভারত দিল্লিতে আমেরিকার দূতাবাসে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানায়। তবে আমেরিকার যুদ্ধনীতিতে প্রতিবাদ না জানিয়ে নরেন্দ্র মোদী সরকারের চুপ থাকার অবস্থান দেশের মধ্যেই প্রশ্নের মুখে পড়েছে।

Comments :0

Login to leave a comment