Polit Bureau on Parliament March

দিল্লিতে লাঠিচালনার তীব্র নিন্দা পলিট ব্যুরোর

জাতীয়

ছাত্র-যুব অংশের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে সরাতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। বাতিল করতে হবে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-কে। যাদের আটক করে রাখা হয়েছে এখনই ছাড়তে হবে সকলকে।
সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশি লাঠিচালনার তীব্র নিন্দা করে এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। সিপিআই(এম) বলেছে, কেন্দ্রের সরকারের জেনে রাখা ভালো যে দমন করে সরকারি নীতির প্রতি জনতার হতাশা এবং ক্ষোভকে চেপে রাখা যায় না। বিশেষ করে কমবয়সীদের ক্ষেত্রে তো তা হয়ই না। পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে বিপুল সাফল্য স্বৈরাচারী মোদী সরকারকে সঠিক জবাব দিয়েছে। 
পলিট ব্যুরো বলেছে, যন্তর মন্তরে অনশন এবং সোমবারের পুলিশি নিপীড়ন সারা দেশে প্রতিবাদকে বাড়িয়ে তুলেছে। শিক্ষায় চরম অব্যবস্থা বা ভয়াবহ বেকারির জন্য দায়ী সরকার প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছে।  
বেলাগাম লাঠিচার্জের কড়া নিন্দা করেছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, বহু ছাত্র-যুব এবং অন্যরা আহত হয়েছেন। কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে হিংস্র আক্রমণ চালিয়েছে পুলিশ। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তরের সামনে গেল মার্কেটেও এমন লাঠিচালনার দৃশ্য দেখা গিয়েছে। 
পলিট ব্যুরো বলেছে, জনতা এবং বিশেষ করে ছাত্ররা ‘সংসদ চলো’ কর্মসূচিতে সমবেত হয়েছেন বিপুল সংখ্যায়। প্রশ্ন ফাঁসে ব্যবস্থা এবং কেন্দ্রীয় এজেন্সি এনটিএ-কে বাতিলের দাবি শুনতে নারাজ থেকেছে মোদী সরকার। এক মাসের ওপর আন্দোলন চললেও দাবিতে কান দিতে নারাজ থেকেছে সরকার। এদিন তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বিপুল অংশগ্রহণ দেখা গিয়েছে। সমাজের সব অংশের সংহতি এবং সমর্থন দেখা গিয়েছে।

Comments :0

Login to leave a comment