রামনবমী ঘিরে গোষ্ঠীসংঘর্ষে আহতদের খোঁজ নিলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
শনিবার জঙ্গিপুর হাসপাতালে যান সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ, প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান। ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা সচ্চিদানন্দ কাণ্ডারি। শুক্রবার রাতেই হাসাপাতলে এসেছিলেন সোমনাথ সিংহরায়।
জামির মোল্লা হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেন যে প্রশাসনের জন্য বারবার এমন সংঘর্ষ হচ্ছে। তিনি বলেন, ‘‘রামনবমী পশ্চিমবঙ্গে আগেও হয়েছে, এখনও হচ্ছে। ফারাক হলো আগে বামফ্রন্ট সরকার ছিল তখন দাঙ্গা করা যেত না। আর তৃণমূল সরকারের সময়ে বারবার উত্তেজনা হচ্ছে।‘‘
গত শুক্রবার, রামনবমী ঘিরে দিনভর অশান্তি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রোধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে শনিবার রনিগঞ্জে নির্বাচনী সভায় রঘুনাথগঞ্জের পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আধিকারিকদের বদলি করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘আমরাও রামনবমী করি। কিন্তু আমাদের ছেলেরা দাঙ্গা করে না।’’
ভোট ঘোষণার পর নির্বাচন কমিশন প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু ঘটনা হলো, শুক্রবারের ঘটনাই রাজ্যে একমাত্র গোষ্ঠী সংঘর্ষ নয়। বারবার এমন ঘটনা চলছে। রামনবমীকে ব্যবহার করে মেরুকরণের কৌশল বহুদিন থেকে নিয়ে চলেছে আরএসএস-বিজেপি। বামপন্থদের বক্তব্য, হাজিনগর থেকে সমশেরগঞ্জ, কোথাও তৃণমূল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ফলে দু’পক্ষের তালমিলে মেরুকরণ চলছে।
জামির বলেন, ‘‘যেভাবে নির্বিচারে একেবারে পরিকল্পিতভাবে প্রশাসনের সামনে গতকাল যা ঘটেছে তা নিন্দনীয়। এখনই সরানো উচিত এসপি, এসডিপিও থেকে আইসি-কে। প্রশাসন নির্লজ্জ।’’ এদিন আক্রান্ত এলাকায় গিয়েও কথা বলেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Raghunathganj Ram Navami
প্রশাসন নির্লজ্জ! জঙ্গিপুরে আহতদের দেখে এসে বললেন জামির মোল্লা
জঙ্গিপুর হাসপাতালে সিপিআই(এম) নেতৃৃবৃন্দ। ছবি: অনির্বাণ দে
×
Comments :0