Accident Jalpaiguri

কন্টেইনার-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ জলপাইগুড়িতে, ভস্মীভূত দুটি গাড়ি

জেলা

বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল জলপাইগুড়ির মোহিতনগর এলাকা। ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ১২ চাকার খালি কন্টেইনার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল দুটি গাড়ি। অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও,এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি ১২ চাকার বড় কন্টেইনার জাতীয় সড়ক ধরে নিজস্ব গতিতে আসছিল। সেই সময় মোহিতনগর ওভারব্রিজের মুখে একটি অ্যাম্বুলেন্স আচমকা রাস্তা পার হতে গিয়ে সরাসরি ট্রাকটির সামনে চলে আসে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘর্ষণের ফলে মুহূর্তের মধ্যে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও জলপাইগুড়ি থানার পুলিশ। দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, দুটি গাড়িই কার্যত ভস্মীভূত হয়ে গেছে। দুর্ঘটনার জেরে ব্যস্ততম ৩১ নম্বর জাতীয় সড়কের দু’দিকেই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশ ক্রেন এনে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই অ্যাম্বুলেন্সের চালক এলাকা থেকে চম্পট দিয়েছে। ওই সময় অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো রোগী ছিল কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী সঞ্জয় রজক বলেন, ​"ট্রাকটি তার স্বাভাবিক গতিতেই আসছিল, কিন্তু অ্যাম্বুলেন্সটি আচমকা সামনে চলে আসায় এই বিপত্তি ঘটে। আগুনের তেজ এতটাই ছিল যে কাছে যাওয়ার উপায় ছিল না।"
​এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না থাকলেও, জনবহুল এলাকায় এমন দুর্ঘটনায় ট্রাফিক নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment