KMC SCHOOL

গ্যাসের আকালে কলকাতা কর্পোরেশনের স্কুলে সঙ্কট মিড ডে মিলে

কলকাতা

বিলাসবহুল বহুতলে অনুমতি দিয়েছে কলকাতা কর্পোরেশন। পাইপলাইনে গ্যাসের সরবারহ কী সাধারণ বাড়িতে হবে? এমন প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারলেন না মেয়র ফিরহাদ হাকিম।
এদিকে গ্যাসের সঙ্কটের কারণে কর্পোরেশনের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের সঙ্কট দেখা দিয়েছে। এই সমস্যা স্বীকার করেছেন মেয়র নিজেই।
কলকাতা কর্পোরেশনের বেশ কয়েকটি বহুতলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে। বেঙ্গল গ্যাস সাপ্লাই সংস্থাকে এই সরবরাহে ছাড়পত্রও দিয়েছে কর্পোরেশন। যার ফলে তারা পাইপলাইনের মাধ্যমে বিলাসবহুল আবাসনে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে। কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করার প্রস্তাব রাখেন ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত। তিনি প্রস্তাবে বলেছেন কম খরচে অনেক সুবিধাজনক এই পাইপলাইন পদ্ধতিতে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে গ্যাস সরবরাহ হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কিন্তু কলকাতা পৌরসভা সাধারণ মানুষের জন্য এই পদ্ধতিতে গ্যাস সরবরাহ করবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য করেননি মেয়র ফিরহাদ হাকিম। 
মেয়র জানিয়েছেন বরো ১০ ও ১২-তে কিছু বহুতলে এই ব্যবস্থা চালু করার অনুমতি দিয়েছে কলকাতা কর্পোরেশন। কিন্তু সাধারণ গৃহস্থালী ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হবে কিনা তা খতিয়ে দেখতে হবে। 
এই পাইপলাইনে গ্যাস পরিষেবা চালুর পরিপ্রেক্ষিতে সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধি ও গ্যাস সহ পেট্রোল ডিজেলের যে আকাল দেখা গেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, মানুষের হেঁসেলে টান পড়েছে। এর দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সরবরাহ সচল রাখার দায়িত্ব তাদেরই। 
গ্যাসের আকাল শুরু হওয়ার পরেই দেখা গিয়েছে কালোবাজারি। সেই নিয়ে হাকিম বলেছেন, কালোবাজারি রুখতে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানিগুলিকে। 
প্রসঙ্গত গত ৮ মার্চ গার্হস্থ্য রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৬০ টাকা ও বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৪০ টাকা। রান্নার গ্যাসের দাম বাড়ার পরেও অনেক কোম্পানির গ্যাস বুকিং হচ্ছে না। এর প্রভাব পড়েছে কর্পোরেশনের বিভিন্ন স্কুল গুলিতে। যেখানে মিড ডে মিল রান্না করতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ কথা জানিয়েছেন মেয়র নিজেই। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সিলিন্ডার যারা সরবরাহ করে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Comments :0

Login to leave a comment