বালি বোঝাই লরির ধাক্কায় স্থানীয় এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাইকেলে করে ইটভাটা থেকে বাড়ি ফিরছিলেন। সে সময়ই বালি বোঝাই ডাম্পার চাপা দিয়ে পালিয়ে যায়। জনতা তীব্র ক্ষোভে আগুন লাগিয়ে দেয় ডাম্পারে।
মৃতের নাম অবিনাশ মুরমু (২৫)। বাড়ি রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ি এলাকার তিরাটের কাছে ডামরা গ্রাম এলাকায়। হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে অবিনাশ মুরমু ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি ইটভাটা থেকে কাজ করে ফিরছিলেন। তার পরিবারে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান রয়েছে। ঘটনাটি ঘটেছে তিরাট গ্রামে।
সোমবার এই ঘটনাকে ঘিরে তিরাট এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসে অবিনাশ মুরমুকে হাসপাতালে নিয়ে যায়। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চাউর হতেই কয়লাঞ্চলের সমগ্র আদিবাসী মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষুব্ধ জনতা তিরাট বালিঘাটে এসে ৪টি ডাম্পারে আগুন লাগিয়ে দিয়েছে।
স্থানীয় মানুষেরও অভিযোগ, দামোদর নদ থেকে জেসিবি, পোখলেন মেশিন নামিয়ে প্রতিদিন বালি লুট চলছে। পুলিশ প্রশাসন নির্বিকার। সমগ্র এলাকা বালি মাফিয়াদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। শাসক দলের সঙ্গে বিজেপি নেতা কর্মীরাও বালি লুটের বখরা নিচ্ছে। তিরাট গ্রামের রাস্তা দিয়ে ওভারলোড বালিভর্তি বড় বড় গাড়ি ছুটে চলছে। রাস্তা ভেঙে পড়েছে। এর আগেও বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু ঘটেছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।
নির্বাচনের প্রচারে এসে সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তী দামোদর নদীকে রক্ষা করা সহ চুরি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাকেই এজেণ্ডা করেছেন। এর কয়েকদিনের মধ্যেই এমন দুর্ঘটনা। শিল্পী চক্রবর্তী এই ঘটনার উদ্বেগ জানিয়ে বালি লুট বন্ধের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
Comments :0