Maynaguri Murdered

ময়নাগুড়িতে বৃদ্ধা খুন, তদন্তে ফরেনসিক দল

জেলা

ময়নাগুড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়নামাপাড়া এলাকায় বৃদ্ধা খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াল পুলিশ। বুধবার ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। এদিনই অভিযুক্ত বড় ছেলে সুশান্ত সাহাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করা হয়।
গত রবিবার নিজের শোয়ার ঘর থেকে গীতা রানী সাহা (৬৮) নামে ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ময়নাগুড়ি থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই বৃদ্ধার বড় ছেলে সুশান্ত সাহাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকে ময়নামাপাড়ার বাড়িতে গীতা দেবী একাই থাকতেন। সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়ার পর থেকে বড় ছেলে সুশান্ত আলাদা থাকতে শুরু করেন। অভিযোগ, সম্পত্তি নিয়ে মা ও ছেলের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার দিন সম্পত্তি নিয়ে বচসা চরম পর্যায়ে পৌঁছালে রাগের মাথায় মাকে খুন করে অভিযুক্ত ছেলে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, জেরার মুখে অভিযুক্ত ইতিমধ্যেই নিজের অপরাধ কবুল করেছে। তবে আইনি প্রক্রিয়া ও তথ্যপ্রমাণ মজবুত করতে বুধবার ফরেনসিক দলকে নিয়ে আসা হয়। বিশেষজ্ঞ দলটি ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, ‘‘ঘটনার প্রতিটি দিক অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাতে এলে খুনের প্রকৃত কারণ ও পদ্ধতি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।’’ আপাতত অভিযুক্ত পুলিশি হেফাজতেই রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে সম্পত্তি ছাড়া অন্য কোনও প্ররোচনা বা তৃতীয় কোনও ব্যক্তির হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment