Parliament March CPIM

নির্বাচনী সংস্কার, ২০ জুলাই সংসদ অভিযান: ৫ দফা কর্মসূচি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির

জাতীয়

স্বচ্ছ এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য দরকার নির্বাচনী সংস্কার। দেশজুড়ে সেই দাবিতে প্রচারে নামছে সিপিআই(এম)।
সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে দিল্লিতে। তিন দিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছেন সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি জানিয়েছেন, প্রচার আন্দোলনের পর্বে বিরোধী বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগও করা হবে। 
নির্বাচনী সংস্কার সহ মোট পাঁচটি বিষয়ে প্রচার আন্দোলনে নামার ডাক দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গুরুত্ব দেওয়া হয়েছে লোকসভা ও বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণে। আইন পাশ হলেও ডিলিমিটেশনের শর্ত জুড়ে সংরক্ষণ কার্যকর হচ্ছে না। এই শর্ত বাতিলের দাবি তুলেছে সিপিআই(এম)। 
কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে জানানো হয়েছে ১০ আগস্ট শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির ‘জেল ভরো’ কর্মসূচি। সেই কর্মসূচিকে সমর্থন জানানো হয়েছে। প্রচারও হবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিসান মোর্চার এই কর্মসূচির পক্ষে। 
সেই সঙ্গে প্যালেস্তাইন, ভেনেজুয়েলা এবং কিউবায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে জনতাকে শামিল করা হবে, সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির।  
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই ছাত্রদের ‘সংসদ অভিযান’-কে সমর্থন জানিয়েছে সিপিআই(এম)। দিল্লির যন্তর-মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিজেপি সরকার মানতে নারাজ শিক্ষা বিপর্যয়ে দায়ী মন্ত্রী প্রধানের পদত্যাগের দাবি। কেন্দ্রীয় কমিটি মোদী সরকারের মনোভাবের নিন্দা করেছে। 
দেশের একের পর এক নির্বাচন ঘিরেই অস্বচ্ছতার তীব্র অভিযোগ উঠছে। বিজেপি বিরোধী বিভিন্ন দলই নির্বাচন কমিশনের ভূমিকায় নিরপেক্ষতার অভাবে তুলছেন প্রশ্ন। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সে সময়েই নির্বাচনী সংস্কার আন্দোলনে নামার সিদ্ধান্ত জানিয়েছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি।

Comments :0

Login to leave a comment