Far Right Hate against Indians in America

ট্রাম্পের অতি দক্ষিণপন্থায় লাফিয়ে বাড়ছে ভারতীয় বিদ্বেষ, দেখাচ্ছে সমীক্ষা

আন্তর্জাতিক

দক্ষিণ এশীয়, বিশেষ করে ভারতীয়দের, বিরুদ্ধে বিদ্বেষের ঘটনা বিপজ্জনক মাত্রায় বাড়ছে আমেরিকায়। 
সমীক্ষক সংস্থা ‘মুনশট’ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ২০২৩ থোকো ২০২৫, কেবল এই দু’বছরে দক্ষিণ এশীয় বিরোধী গালিগালাজ ১০৯ শতাংশ বেড়েছে। সংখ্যার কারণেই সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার ভারতীয়রা। তার মধ্যে হিন্দু, শিখ, মুসলিম- সব ধর্মের মানুষই রয়েছেন।
অভিবাসন ও শুল্ক বিষয়ক আমেরিকার সরকারি বিভাগ ‘আইস’-র হিসেবও দেখিয়েছে যে দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে বিদ্বেষের ঘটনায় সবচেয়ে বেশি শিকার ভারতীয়েরা। 
সংগঠিত ঘৃণা প্রচার রোধ বিষয়ক এনজিও সিএসওএস’র সমীক্ষাতেই দেখা গিয়েছে যে কেবল গত বছরের অক্টোবরেই ‘এক্স’-এ ২৭০০ পোস্ট হয়েছে ভারতীয়দের লক্ষ্য করে। প্রায় প্রতিটিতেই দর্শক এবং সাড়া দেওয়ার সংখ্যাও বিপুল। 
‘স্টপ এএপিআই হেট’ নামে একটি প্রচার দক্ষিণ এশীয়দের ওপর বিদ্বেষের ঘটনা নিয়ে সমীক্ষা চালাচ্ছে। সমীক্ষার মূল কথা, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতির আসনে বসার পর থেকে বিপজ্জনক মাত্রায় বেড়েছে ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ।  
ভারতের প্রধানমন্ত্রীকে ‘বিশেষ বন্ধু’ সম্বোধন করছেন। আবার ডোনাল্ড ট্রাম্পই বিপুল হারে আমদানি শুল্ক চাপাচ্ছেন। তাঁর নেতৃত্বে রিপাবলিকান পার্টির প্রচারের মূল অস্ত্রই অভিবাসী বিদ্বেষ। অতি দক্ষিণপন্থী প্রচার যত সংগঠিত হচ্ছে ততই আক্রমণের শিকার হচ্ছেন ভারতীয়েরা। 
‘স্টপ এএপিআই হেট’-র সমীক্ষা বলছে, ২০২৫-এ দক্ষিণ এশীয়দের আক্রমণের লক্ষ্য করা হচ্ছে মুখ্যত তিনটি পরিচয় দেখে। এক, গায়ের রঙ। দুই, জাতিগত পরিচয়। তিন, দেশের পরিচয়। আমেরিকা নাগরিকত্ব পেয়েছেন এমন পক্ষিণ এশীয়রাও রেহাই পাচ্ছেন না। তাঁদের দেখিয়েই উগ্র দক্ষিণপন্থীরা প্রচার করছে, ‘এদের জন্যই আমাদের চাকরি কাজ রোজগার চলে যাচ্ছে’।
ভারতে অতি দক্ষিণপন্থী আরএসএস-বিজেপি’র সঙ্গে ট্রাম্প এবং তার অনুগামীদের প্রচারের ধরনে মিল প্রবল। কোনও অংশকে লক্ষ্য বানিয়ে বিদ্বেষ এবং ঘৃণা উগরে দেওয়ার রাজনীতি প্রায় এক। আমেরিকায় সমীক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান এই রাজনীতিকেই ভারতীয় এবং দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে বিদ্বেষের প্রধান কারণ হিসেবে দেখছে। 
এই সমীক্ষাই বলছে যে কেবল ২০২৫ সালেই দক্ষিণ এসীয়দের ৪৮ শতাংশ, প্রায় অর্ধেক কোনও না কোনওভাবে বিদ্বেষের শিকার। এদের ১৪ শতাংশ সরাসরি শারীরিক নিগ্রহের শিকার। দক্ষিণ এশীয় বিদ্বেষ রয়েছে, এমন পোস্টের সংখ্যা, ২০২৩ থেকে ২০২৫’র মধ্যে প্রায় ১৩ লক্ষ। 
বিশ্লেষকদের একাংশের মতে মোদীর রাজনীতি বা কূটনীতি, কোনোটিই আমেরিকার মাটিতেও ভারতীয়দের সুরক্ষা দিতে পারছে না।

Comments :0

Login to leave a comment