Beirut Attack

বেইরুটে বোমা হামলার ‘বেদনাদায়ক পরিণতির‘ হুঁশিয়ারি ইরানের, গুলি ইজরায়েলে

আন্তর্জাতিক

লেবাননে ফের বেপরোয়া হামলা চালালো ইজরায়েল। রাজধানী বেইরুটের ওপর বোমা হামলায় অন্তত ২ মৃত, আহত ১১। 
এদিকে মধ্য ইজরায়েলে গুলি হামলায় একজনের মৃত্যু হয়েছে। অন্তত পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কেও লাগাতার নাগরিকদের ওপর দমন চালিয়ে যাচ্ছে ইজরায়েলের সেনা। 
ইরানে জোরালো ধাক্কা খেয়ে ইজরায়েল-আমেরিকা জুটির লক্ষ্য এখন লেবানন। হামলায় মদত দিয়ে সরাসরি আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্প রবিবার বলেছেন, ‘‘লেবাননের আরও সার্জিক্যাল স্ট্রাইক হবে।’’
এদিকে বেইরুটে হামলার কড়া নিন্দা করেছে ইরান। ইরানের সংসদের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বিবৃতিতে বলেছেন, ‘‘পাগল কুকুরকে সামলাতে হয়। যথাস্থানে পাঠাতে হয়। বেইরুটে হামলার বেদনাদায়ক জবাব পাবে ইজরায়েল।’’
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল জানিয়েছে যে বেইরুটের দু’টি বহুতলে বোমা ফেলেছে ইজরায়েল। 
গত ১৭ এপ্রিল ইজরায়েল এবং লেবাননের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয় ইরানের চাপে। আমেরিকার সঙ্গে সমঝোতা চূড়ান্ত করার ক্ষেত্রে লেবাননের ওপর হামলা বন্ধ করার শর্ত দিয়েছে ইরান। কিন্তু ইজরায়েল বারবার হামলা চালাচ্ছে। 
এদিকে মধ্য প্রাচ্যের সংবাদমাধ্যম জানাচ্ছে যে লেবাননের প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লাকে কাবু করতে পারছে না ইজরায়েল। হেজবোল্লাকে ধ্বংস করার নামে ইজরায়েল বোমা ফেলছে নাগরিক বসতিতে। কিন্তু হেজবোল্লার পালটা হামলায় মৃত এবং জখম ইজরায়েলের সেনার সংখ্যা বাড়ছে। যে প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে এই প্রতিরোধী গোষ্ঠী, তা সামলাতে পারছে না ইজরায়েলের অত্যাধুনিক সেনা। 
রবিবার রাতের দিকের খবর, মধ্য ইজরায়েলের কোখভ ইয়ের শহরে গুলি হামলা হয়েছে। ইজরায়েলের প্রশাসন জানিয়েছে সন্দেহভাজন প্যালেস্তিনীয়। ইজরায়েলের নাগরিকও এই হামলাকারী। প্যালেস্তাইনের প্রতিরোধী গোষ্ঠী ‘হামাস‘ ইজরায়েলের ভূখণ্ডে এই গুলি হামলাকে ‘আত্মরক্ষার অভিযান’ আখ্যা দিয়েছে।

Comments :0

Login to leave a comment