মীর আফরোজ জামান: ঢাকা
খারাপ আবহাওয়ার জেরে চট্টগ্রামের কক্সবাজার পাহাড়ে ধস নেমেছে। ঘটনার জেরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় পটুয়াখালী সংলগ্ন এলাকায় মাছধরার তিনটি ট্রলার ডুবে গেছে। অন্তত ১৩ মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে একটি মাদ্রাসার ওপর পাহাড় থেকে ধস নামে। ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত জানা গিয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে দমকল সহ সংশ্লিষ্ট সংস্থাগুলি কাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদ্রাসা (মক্তব)-এর ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি শিশু পাঠ গ্রহণ করছিল।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
এদিকে, টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। অন্যদিকে,পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে খারাপ আবহাওয়া রয়েছে। ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরতে গিয়ে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত রবিবার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপা উপজেলার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন আরেকটি মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে ১১ মৎস্যজীবী ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মৎস্যজীবীদের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। কুয়াকাটা, মহিপুর, ফকিরহাট ও গলাচিপাসহ বিভিন্ন এলাকায় অপেক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। অনেকেই ঘাটে এসে প্রিয়জনের ফেরার আশায় কান্নায় ভেঙে পড়ছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান চালাচ্ছে।
Bangladesh Landslide
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ধস নেমে ১১ শিক্ষার্থীর মৃত্যু, বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ মৎস্যজীবী
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মাদ্রাসার ওপর ধস।
×
Comments :0