ডুয়ার্সের চা বাগানগুলিতে চিতাবাঘের আতঙ্ক যেন কাটছেই না। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে একটি খাঁচাবন্দি চিতাবাঘকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী।
প্রতিদিনের মতো এদিন সকালে বাগানের কাজ শুরু করতে যান শ্রমিকরা। ২৯ নম্বর সেকশনে পৌঁছাতেই তাঁরা দেখতে পান, বনদপ্তরের বসানো খাঁচায় একটি চিতাবাঘ বন্দি হয়ে গর্জন করছে। মুহূর্তের মধ্যে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা কাজ বন্ধ করে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
গত কয়েক মাসে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের উপদ্রব মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। দেবপাড়া বাগানের শ্রমিকদের অভিযোগ, ঝোপঝাড় পরিষ্কার না থাকা এবং লোকালয়ের কাছে বন্যপ্রাণীদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের কাজ করতে হচ্ছে। আজকের ঘটনার পর আতঙ্ক আরও দ্বিগুণ হয়েছে।
বনদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া স্ত্রী চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনকর্মীদের পক্ষ থেকে এলাকাবাসীকে একা জঙ্গলের ধারে বা বাগানের নির্জন এলাকায় চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। বাগান এলাকায় নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছে বনদপ্তর।
Leopard
চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্ক দেবপাড়া শ্রমিক মহল্লায়
ফাইল ছবি
×
Comments :0