পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে মৃত্যু হয়েছে বিশ্বের অন্যতম খ্যাতনামা পর্বতারোহী নেপালের নির্মল পুরজার। তাঁর অ্যাডভেঞ্চার গ্রুপ, এলিট এক্সপেড, সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ প্রায় ৭,০০০ মিটার উচ্চতায় শৃঙ্গ জয়ের শেষ পর্যায়ে ওঠার সময় ১০ সদস্যের একটি অভিযাত্রী দল তুষারধসের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে বরফের স্রোতে ভেসে যান পর্বতারোহীরা। এই দুর্ঘটনার পর থেকে নির্মল পুরজা এবং আরও পাঁচজন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। শনিবারের খবরে নিশ্চিত করা হয় যে, এই ভয়াবহ দুর্ঘটনায় নির্মল পুরজা এবং তাঁর কয়েকজন সঙ্গী বেঁচে নেই।
৪৩ বছরের নির্মল পুরজা আধুনিক পর্বতারোহণের ইতিহাসে এক বিশিষ্ট নাম। ব্রিটিশ গুর্খা ব্রিগেড ও রয়্যাল মেরিনসের এলিট স্পেশাল বোট সার্ভিসের প্রাক্তন সদস্য পুরজা ২০১৯ সালে মাত্র ছ’মাস ছ’দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয়ের নজির গড়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। ২০২১ সালে তিনি সেই নেপালি দলের অন্যতম সদস্য ছিলেন, যারা ইতিহাসে প্রথম শীতকালে কে-টু শৃঙ্গ জয় করেন।
নেপালে জন্মগ্রহণকারী প্রাক্তন ব্রিটিশ সেনা নির্মল পুরজা, তিনি নিমস দাই নামেও পরিচিত। ২০১৮ সালে নির্মল পুরজাকে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করা হয়। ২০১২ সালে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করার পরই পুরজার পর্বতারোহণের যাত্রা শুরু হয়। বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিক। কে টু’র অদূরে এই শৃঙ্গ পর্বতারোহণ অত্যন্ত কঠিন। পাকিস্তান ও চীনের সীমান্তের কাছে, কে২-এর সংলগ্ন কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই পর্বতশৃঙ্গটিকে বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। সেই পাহাড়ই কেড়ে নিল তাঁর প্রাণ। এলিট এক্সপেডিশনের বিবৃতিতে বলা হয়, ‘‘গভীর শোক ও বেদনার সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ব্রড পিকে তুষারধসের পর নির্মল পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই।’’
Mountaineer Nirmal Purja
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা
×
Comments :0