BJP Rajasthan

বাজেটের সঙ্গে 'পুত্র-কন্যা'র তুলনা: রাজস্থান বিধানসভায় বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক

জাতীয়

রাজস্থান বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। নিজের দলের বাজেটকে 'পুত্রের জন্ম' বং কংগ্রেস জমানার বাজেটকে 'কন্যার জন্ম'-এর সঙ্গে তুলনা করে কড়া সমালোচনার মুখে পড়েছেন বিজেপি বিধায়ক বাহাদুর সিং কোলি।
বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে উইর কেন্দ্রের এই বিধায়ক বিজেপির বাজেটকে 'পুত্র সন্তানের জন্ম'-এর সঙ্গে তুলনা করেন, যা নিয়ে মঙ্গলবার সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস।
এদিন অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বাহাদুর সিং কোলি বলেন, ‘আমাদের বাজেট হলো যুবশক্তির বাজেট, আর ওদের (কংগ্রেস) ছিল বার্ধক্যের বাজেট। আমাদের সরকার প্রথম বাজেটেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, এবং দ্বিতীয় ও তৃতীয় বাজেটেও তাই হয়েছে। যৌবনে পুত্র সন্তানের জন্ম দিলে সে সারাজীবন কাজে আসে।’
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে বিঁধে তিনি আরও যোগ করেন, ‘অশোক গেহলট যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি শেষ বাজেটে অনেক ঘোষণা করেছিলেন, কিন্তু তাতে পুত্র নয়, কন্যা সন্তান জন্মেছিল। আর সেই কারণেই আজ আপনারা বিরোধীদের আসনে বসে আছেন।’
বিজেপি বিধায়কের এই মন্তব্য আসলে তাদের রাজনৈতিক এবং মতাদর্শগত ভাবনার প্রতিফলন। আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপি মনুবাদে বিশ্বাসী। তারা মনে করেন মহিলাদের রান্নাঘরে বা সংসারের কাজে আবদ্ধ থাকা উচিত। দক্ষিণপন্থায় বিশ্বাসী এই ব্যাক্তিরা কণ্যা সন্তানের জন্মকে মান্যতা দিতে চায় না। 
বিধানসভায় এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা টিকা রাম জুলি। তিনি এই বক্তব্যকে বৈষম্যমূলক এবং কুরুচিকর বলে চিহ্নিত করেছেন। জুলি বলেন, ‘বাজেট নিয়ে বিজেপি বিধায়ক কথা বলতে গিয়ে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করছিলেন। আর বিজেপি বিধায়করা তা শুনে হাসছিলেন। এটা অত্যন্ত লজ্জাজনক যে আজও এই ধরনের মানসিকতা টিকে আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমার নিজেরও দুই মেয়ে আছে। বর্তমান যুগে দাঁড়িয়েও মেয়েদের সম্পর্কে বিজেপি বিধায়করা এমন ধারণা পোষণ করেন, তা ভাবা যায় না।’
অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দেন বাহাদুর সিং কোলি। তিনি বলেন, ‘এতে ভুল কী আছে? এটা আমাদের ব্রজভাষার কথা বলার ধরন।’ যখন তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি এই তুলনাকে সঠিক মনে করেন কি না, তিনি পাল্টা প্রশ্ন করেন
‘ভুল কোথায়? আমি বলেছি একটা ভালো বাজেট পেশ করা হয়েছে, মানে একটা ছোরা (ছেলে) জন্মেছে। ওরা নির্বাচনের আগে মানুষকে বোকা বানাতে জনমোহিনী বাজেট দিয়েছিল, যা আদতে কন্যা সন্তানের জন্মের মতো।’

Comments :0

Login to leave a comment