'Save School Education' convention

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘স্কুল শিক্ষা বাঁচাও’ কনভেনশন স্কুল শিক্ষকদের

জেলা বাংলা বাঁচানোর ভোট

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা ও শক্তিশালী করার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-র জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে কদমতলা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয় ‘স্কুল শিক্ষা বাঁচাও’ কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী।
অনুষ্ঠানে বাম সমর্থিত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন এবং এবিটিএ-র সাধারণ সম্পাদক সুজিত দাসকে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সদর মহকুমা শাখার সভাপতি সাগ্নিক ভট্টাচার্য। কনভেনশনে সঞ্জয় ঘোষ ও জয়দীপ রায়কে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবন-জীবিকার স্বার্থে এবং সাধারণ বিদ্যালয় রক্ষায় বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সোমবার বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি বিধানসভার বাম সমর্থিত সিপিআই(এম) প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন জেলার শিক্ষা ব্যবস্থার সংকটজনক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন যে শিক্ষক-ছাত্র অনুপাতের ঘাটতি, পরিকাঠামোর অভাব এবং তৃণমূল সরকারের নীতির ফলে জেলার সব মিলিয়ে প্রায় ৩০টি জুনিয়র বেসিক ও হাইস্কুল বন্ধের মুখে। শাসকদল ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের বদলি নীতির ফলে শিক্ষকদের শহরমুখী করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এর ফলে গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।
এবিটিএ জেলা সম্পাদক কৌশিক গোস্বামী বলেন, শিক্ষা ব্যবস্থার উপর সর্বস্তরে আঘাত নেমে আসছে এবং কর্পোরেটমুখী নীতির ফলে ‘পয়সা যার, শিক্ষা তার’—এই প্রবণতা জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি বিপ্লব ঝা শিক্ষকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবিটিএ-র সাধারণ সম্পাদক সুজিত দাস তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সমালোচনা করে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত বাড়ছে। বিভিন্ন রাজ্যে তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ সরকারের অধীনে শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বাম শক্তিকে জয়ী করার আহ্বান জানান।
কনভেনশন শেষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, বামফ্রন্ট আমলে গড়ে ওঠা সর্বজনীন শিক্ষা ব্যবস্থার ফলে প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীরাও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পেরেছে। সেই ঐতিহ্য রক্ষা ও আরও উন্নত করতে ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্যকে সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি।

Comments :0

Login to leave a comment