TMC Candidate Purbasthali

আইপ্যাক-কে টাকা না দেওয়ায় বাদ, ফুঁসে উঠলেন ‘প্রাক্তন’

জেলা বাংলা বাঁচানোর ভোট

শঙ্কর ঘোষাল: পূর্বস্থলী

আইপ্যাক–কে কুড়ি লক্ষ টাকা দিতে না পারায় তাঁকে এবার আর প্রার্থী করা হয়নি। এমনই বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের দু’বারের বিধায়ক তপন চ্যাটর্জি। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়তেই তুলে নেওয়া হয়েছে তাঁর নিরাপত্তারক্ষীও। 
পরিস্থিতি নিয়ে চরম ক্ষুব্ধ পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক। তাই কোনও রাখঢাক না রেখে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আইপ্যাকের দাবি মতো ২০ লক্ষ টাকা তিনি দিতে পারেননি। সে কারণে তাঁকে এবার প্রার্থী করা হয়নি। 
পূর্বস্থলী উত্তরে এবার তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। তিনি কলকাতার একটি ওয়ার্ডের কাউন্সিলরও। বসুন্ধরাকে নিশানা করে বিদায়ী বিধায়ক বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস দলে এখন পুরানো কর্মীদের কোনও দাম নেই, মর্যাদাও নেই।’’  
তৃণমূল বিধায়কের আক্ষেপ, যারা টাকা দিয়েছে তারাই প্রার্থীপদ পেয়েছে তৃণমূলে। আমরা ১৯৯৮ সাল থেকে দলে আছি। আমাদের কোনও দাম নেই। তাঁর ক্ষোভ, অন্য দল ঘুরে আসা রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তের মতো নেতারা দলে গুরুত্ব পাচ্ছেন। দিনে বিজেপি, রাতে তৃণমূল নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। 
তপন চ্যাটার্জি তৃণমূলের ভোট ম্যানেজার সংস্থা ‘আইপ্যাক’-এর বিরুদ্ধে বৃহস্পতিবার মারাত্মক অভিযোগ করে বলেছেন, ‘‘আমার কাছে আইপ্যাক ২০ লক্ষ টাকা চেয়েছিল। আমি সেই টাকা দিইনি বলেই আমাকে বাদ দিয়েছে। তবে আইপ্যাক-কে কে কতো টাকা দিয়ে প্রার্থী হয়েছে আমি সব জানি। কিন্তু বলব না।’’ 
গত মঙ্গলবার এবার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। বিভিন্ন এলাকায় ‘গোঁসা’ দেখা গিয়েছে নাম না থাকা নেতা এবং অনুগামীদের।
নিজের বিধায়ক কার্যালয়ে বসে তপন চ্যাটার্জি এদিন বলেন, ‘‘আমার নিরাপত্তারক্ষী বুধবার থেকে তুলে নেওয়া হল। তাই এখন থেকেই আমি নিজেকে ‘প্রাক্তন বিধায়ক’ বলেই চিহ্নিত করতে চাই। তিনি আরও বলেন, এবার থেকে বিধায়ক কার্যালয়কে ‘প্রাক্তন বিধায়ক কার্যালয়’ লিখব।’’  
বৃহস্পতিবার কলকাতা থেকে তৃণমূলের প্রার্থী বসুন্ধরা গোস্বামী পূর্বস্থলীতে প্রচারে এলেও তিনি ঘরবন্দি থেকেছেন। 
পূর্ব বর্ধমানের একাধিক কেন্দ্রের বিক্ষোভ দেখা গিয়েছে। খন্ডঘোষে প্রার্থী বদলের দাবি করে তৃণমূলের নেতা কর্মীরা বসে যাবার হুমকি দিয়েছেন। তেমনই রায়নাতেও প্রার্থী বদল নিয়ে গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে। মেমারীতে আইপ্যাক-কে নাকি মোটা টাকা দিয়ে বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মীরা, বিক্ষোভও দেখিয়েছে দলের নিচুতলার কর্মীরা। মন্তেশ্বরে সিদ্দিকুলার বিরুদ্ধে বিক্ষোভ চাপা দিতে পুলিশ লেলিয়ে দিয়েছে সরকার, এমনটাই অভিযোগ।

Comments :0

Login to leave a comment