Dhupguri

সরকারি ডাকবাংলো দখল করে তৃণমূলের সভা ধূপগুড়িতে

জেলা

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য জুড়ে আদর্শ নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়েছে। কিন্তু ধূপগুড়িতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে যে আইনের তোয়াক্কা নেই, তা ফের প্রমাণিত হলো। শনিবার ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে বিনা অনুমতিতে ঘাসফুল শিবিরের এক রাজনৈতিক সভা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সরকারি এই ডাকবাংলো চত্বরে জমায়েত করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, নির্বাচনের আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর কোনো সরকারি প্রাঙ্গণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গেলে প্রশাসনের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। কিন্তু তৃণমূল নেতৃত্ব সেই ধার ধারেনি। সরকারি পরিকাঠামো ব্যবহার করে তারা দিব্যি নির্বাচনী সভার কাজ সেরে ফেলে।
শাসক দলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে গর্জে উঠেছে সিপিআই(এম)। ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার দাবি করেন, পুলিশ ও প্রশাসনের একাংশের মদতেই তৃণমূল এইভাবে সরকারি সম্পত্তি দখল করে প্রচার চালাচ্ছে। তিনি আরও জানান, ‘‘নির্বাচন কমিশন যেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, সেখানে ধূপগুড়িতে শাসক দল ক্ষমতার দাপটে সরকারি জায়গা দখল করে সভা করছে। এটা সম্পূর্ণ বেআইনি।’’
এই ঘটনার প্রেক্ষিতে সিপিআই(এম)’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সরকারি সম্পত্তিতে বিনা অনুমতিতে সভা করার জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। এখন দেখার, কমিশন এই বিধিভঙ্গের বিরুদ্ধে সত্যিই কোনো পদক্ষেপ নেয়, নাকি প্রশাসনের নীরবতাকে হাতিয়ার করে শাসক দল পার পেয়ে যায়।
 

Comments :0

Login to leave a comment