বৃহত্তর রাজনীতির স্বার্থে যারা তৃণমূল ও বিজেপি বিরোধী অবস্থান গ্রহন করবে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং আসন্ন নির্বাচনে আমাদের বোঝাপড়া হবে। বৃহস্পতিবার দার্জিলিঙ পার্টি দপ্তরে সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক।
তিনি বলেছেন, দার্জিলিঙে পাহাড়ে বিভিন্ন ছোট ছোট দলগুলির সঙ্গে কথা বলেছি। কিছু ব্যক্তি বিশেষের সঙ্গেও কথা হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে নির্বাচন নিয়ে দার্জিলিঙ আসন ও পাহাড়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলা বাঁচানোর লড়াইয়ে পাহাড়ের বিভিন্ন শক্তির সঙ্গেও কথা এগোচ্ছে। দার্জিলিঙ পার্টি দপ্তরে এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শচীন খাতি, গৌতম রাজ রাই, রেজিনা চামলিঙ, চেতন গুরুং, উত্তম শর্মা ও দিলীপ দিলপালি।
সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক আরও বলেন, "বিজেপি ও তৃণমূল বিরোধী যাদের এই অবস্থান আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য বৃহত্তর রাজনীতির স্বার্থে যারা তৃণমূল ও বিজেপি বিরোধী অবস্থান গ্রহন করবে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং তাদের সঙ্গে আসন্ন নির্বাচনে আমাদের বোঝাপড়া হবে। পার্টিগতভাবেও আমরা তৈরী আছি পাহাড়ে আমাদের প্রার্থী দিতে। কিন্তু আমরা তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত দলের সঙ্গে কথা বলে উপযুক্ত প্রার্থীর পক্ষে যাবার চেষ্টা করছি। যারা এই সময়কালে সাম্প্রদায়িক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দলগুলির বিরোধীতায় দাঁড়াতে পারবে। তাদের সঙ্গে আমরা নির্বাচনে রাজনৈতিক বোঝাপড়া করতে প্রস্তুত। আলোচনা অনেকদিন থেকেই চলছে। আজকে আরও বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্টতই বলেছেন, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনের যে সব রাজনৈতিক দল, শক্তি, গোষ্ঠী ব্যক্তি সকলকে এক জায়গায় নিয়ে আসতে চাইছে সিপিআই(এম)।
Comments :0