Trump AI

এআই ঘিরে মানবতার পক্ষে বিপদের সতর্কতাকে গুজব বলছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স নিয়ে শঙ্কা নাকি একেবারেই ভিত্তিহীন। মানবতার পক্ষে বিপদ হয়ে ওঠারও কোনও কারণ নেই।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ স্তর থেকে পাঠানো সতর্কবার্তা এভাবেই উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তথ্য প্রযুক্তি সংস্থা অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই বিপদ ঘন্টা বাজিয়েছেন দু’দিন আগেই। এক দীর্ঘ নিবন্ধে তিনি বলেছেন, 
বিপজ্জনক হয়ে উঠছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি। অনেক সতর্কতার সঙ্গে এই প্রযুক্তি উন্নয়নের কাজ হওয়া জরুরি। 
আমেদেই বলেন, যে গতিতে আমরা এআই মডেল উন্নত করার কাজ করছি তাকে কমানো জরুরি। আমোদেই নিজে একটি এআই সংস্থার প্রধান। কিন্তু তিনিই বলেছেন, এই প্রযুক্তি ব্যবহার করে জৈবসন্ত্রাস বা সাইবার অ্যাটাক হতে পারে ভয়ঙ্কর মাত্রায়। 
সিএনএন’র একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এআই ক্ষেত্রের সব সংস্থাকে বোঝাপড়া তৈরি করত হবে। মানবতার পক্ষে ক্ষতিকর যেন হয়ে না ওঠে এআই মডেল।
ভারতীয় সময় মঙ্গলবার সারাদিন এআই মডেল নিয়েই একের পর এক পোস্ট করেন ট্রাম্প। তিনি বলেন, অকারণে ভয় ছড়ানো হচ্ছে। এআই মডেলের কাজে সরকারি নিয়ন্ত্রণের প্রস্তাব খারিজ করেন ট্রাম্প। 
ট্রাম্প বলেন, এআই নিয়ে ‘অসুস্থ ষড়যন্ত্র’ চলছে। তিনি বলেন, কেউ কেউ বলছে এআই বিশ্বকে ধ্বংস করবে। বলছে ডেটা সেন্টার পুরো এলাকার পক্ষে ক্ষতিকর। এরাই কিছুদিন আগে বলেছিল জলবায়ু পরিবর্তনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু গুজব ছড়িয়ে লাভ হয়নি। এবার অন্য গুজব ছড়ানো হচ্ছে। 
এদিকে আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে যে হোয়াইট হাউসেরও শীর্ষ স্তরে বিভিন্ন অংশ ট্রাম্পের অবস্থানে খুশি নয়। তারা বলছে যে রাষ্ট্রপতি বিপদের গভীরতা আদৌ বুঝছেন না। 
এআই-কে ঘিরেই বিশ্বের শেয়ার বাজারে নতুন বুদবুদ ভাসানো হয়েছে। বিশ্ব অর্থনীতিতে বেহাল দশার সময়েই শেয়ার বাজার চাঙ্গা করতে ব্যবহার করা হচ্ছে এআই-কে। ফলে আন্তর্জাতিক লগ্নি পুঁজি বিপদকে আড়াল করতে চাইছে।

Comments :0

Login to leave a comment