কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর প্রবল শিলাবৃষ্টির কবলে পড়ে অকালে প্রাণ হারালেন এক যুবক। বুধবার গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সুজন দাস (২২)। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর এক বন্ধুও।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এলাকায় প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। সেই সময় সুজন দাস তাঁর নিজের গালামাল দোকানে বন্ধু কাজল দাসকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ঝড়ের দাপট এতটাই ছিল যে, দোকানের পাশে থাকা একটি বিশালাকার প্রাচীন বটগাছ উপড়ে সরাসরি দোকানের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে দোকানটি দুমড়েমুচড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন দুই বন্ধু।
প্রবল বৃষ্টির মধ্যেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। সুজন ও কাজলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাজল দাসের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।
মৃতের কাকা অনিল দাস শোকস্তব্ধ কণ্ঠে জানান, "ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘর থেকে বেরোনোর বা সতর্ক হওয়ার কোনও সুযোগই পাওয়া যায়নি।" বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী নিহতের বাড়িতে যান এবং শোকাতুর পরিবারের সঙ্গে কথা বলেন। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে।
এই আকস্মিক বিপর্যয়ে গোটা দ্বারিকামারি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পাশাপাশি এক তরতাজা প্রাণের অকাল মৃত্যুতে প্রশাসনের ভূমিকা ও ত্রাণ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
dies in storm
ময়নাগুড়িতে ঝড়ের তাণ্ডবে যুবকের মৃত্যু
×
Comments :0