Parliament Special Session

ডিলিমিটেশন বিল পাশ করাতে ৩৬০-র অঙ্কে মরিয়া কেন্দ্র, বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েও নিশ্চিত নয় মোদী সরকার

জাতীয়

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে মরিয়া মোদী সরকার। লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩৬০ জন সাংসদের সমর্থন জোগাড়ের লক্ষ্যে তৎপরতা শুরু করেছে কেন্দ্রের শাসক শিবির। বিরোধী শিবিরের একাংশের অবস্থান বদল, ছোট দলগুলির সমর্থন এবং সংসদে সাংসদদের অনুপস্থিতির অঙ্ককে কাজে লাগিয়ে বিল পাশ করানোর চেষ্টা চলছে। তবে সমস্ত রাজনৈতিক সমীকরণ মিলে গেলেও সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত করা এখনও কঠিন।
এই বিলের বিরোধিতা থেকে সরে আসতে পারে ডিএমকে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। কেন্দ্রের তরফে রাজ্যগুলিতে লোকসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধির নিশ্চয়তা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিলের মূল পাঠেই এই শর্ত যুক্ত করার কথা ভাবছে সরকার। দুই দলই জানিয়েছে, ৫০ শতাংশ আসন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হলে তাদের অবস্থান পুনর্বিবেচনা করা সম্ভব।
সূত্রের খবর শরদ পাওয়ারের দলের আট সাংসদকে বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলেও জানিয়েছেন, ৫০ শতাংশ আসন বৃদ্ধির নিশ্চয়তা পেলে বিল নিয়ে ইতিবাচক অবস্থান নিতে পারে দল। ডিএমকে-র ২২ জন সাংসদও তাদের আগের কঠোর বিরোধিতার অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। তামিলনাড়ুর লোকসভায় বর্তমান ৭.২ শতাংশ আসনের অংশীদারিত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই তাদের প্রধান দাবি। আসন বৃদ্ধির ৫০ শতাংশের শর্ত যুক্ত হলে সেই উদ্বেগেরও সমাধান হতে পারে বলে মনে করছে দল।
সংখ্যার হিসাব অবশ্য এখনও সরকারের পক্ষে পুরোপুরি স্বস্তিদায়ক নয়। গত ১৭ এপ্রিল সংবিধান সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি, বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন। সংবিধান সংশোধনীর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ছিল ৩৫২টি ভোট। অর্থাৎ সেদিন ৫৪টি ভোটের ঘাটতি ছিল সরকারের।
এবার লোকসভায় প্রায় ৫৪০ জন সাংসদের পূর্ণ উপস্থিতি ধরে ৩৬০-এর কাছাকাছি সংখ্যাকে লক্ষ্য করেছে শাসক শিবির। তবে ভোটদানের সময় কতজন সাংসদ উপস্থিত থাকবেন, তার উপরেই চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করবে।
কেন্দ্রের হিসাব অনুযায়ী, এনডিএ-র নিশ্চিত সমর্থক সাংসদ ৩১৯ জন। এর মধ্যে বিজেপির সাংসদ ২৪১ জন। তৃণমূল কংগ্রেস ছেড়ে এসসিপিআইতে আসা ২০ জন সাংসদ। পাশাপাশি পাঞ্জাবের শিরোমণি অকালি দল থেকে একজন সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
শরদ পাওয়ারের এনসিপি-র আট সাংসদের সমর্থন মিললে সংখ্যা দাঁড়াবে ৩২৮। ডিএমকে-র ২২ জন সাংসদ সমর্থন করলে তা বেড়ে হবে ৩৫০। অর্থাৎ তখনও প্রয়োজনীয় সংখ্যার থেকে ১০টি ভোট কম থাকবে।
এর পরেও কয়েকটি দলের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্র। জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের চার সাংসদ গতবার সরকারের পাশে ছিলেন। তবে এবার বিলের চূড়ান্ত চেহারা দেখেই অবস্থান নির্ধারণ করতে পারে দল। তাদের সমর্থন মিললে সংখ্যা পৌঁছতে পারে ৩৫৫-তে। অসমের প্রাক্তন বিজেপি-জোটসঙ্গী ইউপিপিএল-এর একজন সাংসদের সমর্থনও পাওয়ার আশা করছে সরকার। গতবার একজন নির্দল সাংসদও বিলের পক্ষে ভোট দিয়েছিলেন।
কাশ্মীরের নির্দল সাংসদ শেখ রশিদ এবং পাঞ্জাবের ওয়ারিস পাঞ্জাব দে-র সাংসদ অমৃতপাল সিং বর্তমানে জেলে রয়েছেন। অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লা সম্প্রতি পদত্যাগ করায় ওই দলের সাংসদ সংখ্যা কমেছে।
এছাড়াও রয়েছে কয়েকটি ছোট দল ও নির্দল সাংসদ, যারা এখনও এনডিএ বা ইন্ডিয়া কোনও শিবিরের সঙ্গেই সরাসরি যুক্ত নয়। তাদের মধ্যে রয়েছে আম আদমি পার্টির তিনজন, তিনজন নির্দল এবং জেডপিএম, আজাদ সমাজ পার্টি ও এআইএমআইএম-এর একজন করে সাংসদ।
এই পরিস্থিতিতে বিল পাশ করাতে শুধু দলীয় সমর্থন জোগাড় নয়, সংসদে সাংসদদের উপস্থিতি এবং ভোটদানের হিসাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েকজন সাংসদ অনুপস্থিত থাকলে বা ভোটদানে বিরত থাকলে প্রয়োজনীয় সংখ্যার অঙ্ক বদলে যেতে পারে। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে কেন্দ্র।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যগুলির রাজনৈতিক ও সাংসদীয় প্রতিনিধিত্বের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে? ৫০ শতাংশ আসন বৃদ্ধির আশ্বাস দিয়ে আপত্তি সাময়িকভাবে সামলানো গেলেও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্যগুলির প্রতিনিধিত্বের প্রশ্নের স্থায়ী সমাধান হবে কি না, তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

Comments :0

Login to leave a comment