স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশু ছাত্রীর। বুধবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ময়নাতলি বাজার এলাকায়। মৃত ছাত্রীর নাম মিষ্টি ঘটক। সে ময়নাতলির একটি বেসরকারি স্কুলের কেজি-টু'র ছাত্রী ছিল। দুর্ঘটনায় মিষ্টির বাবাও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রায় চার ঘণ্টা ধরে দেহ আটকে রেখে চলে দফায় দফায় বিক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাবার সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল একরত্তি মিষ্টি। স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে ময়নাতলি বাজারের কাছে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি সাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। ছিটকে রাস্তার ডানদিকে পড়ে যায় বাবা ও মেয়ে। লরির চাকা মিষ্টির শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে স্থানীয়রা।
পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ছবি কৌশিক দাম।
এলাকায় তিনটি স্কুল থাকা সত্ত্বেও এই গ্রামীণ সড়ক দিয়ে কেন বেপরোয়া গতিতে লরি ও ডাম্পার যাতায়াত করে, তা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল বাসিন্দাদের। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে আইসি উৎপল সাহাকে হিমশিম খেতে হয়। পুলিশের উপস্থিতিতেই দুই দফায় ধূপগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক অবরোধ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা আইসির কাছে একগুচ্ছ দাবিপত্র পেশ করেন। আইসি ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই দাবিপত্রে স্বাক্ষর করলেও উত্তেজনা প্রশমিত হয়নি। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী এবং বানারহাট থানার আইসি সুরোজ থাপা।
পুলিশ আধিকারিকরা পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে চার ঘণ্টা পর অবরোধ ওঠে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এক শিশু পড়ুয়ার এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments :0