Tamilnadu

তামিলনাড়ুতে সরকার গড়তে বিজয়-এর টিভিকে-কে শর্তসাপেক্ষে সমর্থন কংগ্রেসের

জাতীয়

তামিলনাড়ুতে সরকার গড়তে অভিনেতা বিজয়ের নতুন দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-কে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলো কংগ্রেস। তবে এর পেছনে একটি শর্ত রয়েছে। কংগ্রেস দাবি করেছে, এই জোট থেকে ‘সাম্প্রদায়িক শক্তিদের’ দূরে রাখতে হবে।
তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা গিরিশ চোড়নকার এক বিবৃতিতে জানিয়েছেন, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি (সিএলপি) সরকার গঠনের জন্য টিভিকে-কে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এই সমর্থন শর্তসাপেক্ষ। ভারতের সংবিধানে বিশ্বাস করে না এমন কোন সাম্প্রদায়িক শক্তিকে এই জোট থেকে টিভিকে-কে দূরে রাখতে হবে।’
কংগ্রেসের সাথে এই জোটের ফলে বিজয়ের সমর্থনে আরও পাঁচজন বিধায়ক যুক্ত হলেন। তার দলের প্রাপ্ত ১০৭টি আসনের সাথে এটি যুক্ত হয়ে টিভিকে-র মোট সংখ্যা দাঁড়াল ১১২-তে। তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা পার হয়ে সরকার গঠন করতে তার এখনও আরও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন।
জোটসঙ্গীর সন্ধানে বিজয় ইতিমধ্যেই ভিসিকে, সিপিআই এবং সিপিআই(এম)-এর সাথে যোগাযোগ করেছেন। তারা যদি তাকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়, তবে টিভিকে ১১৯ জন বিধায়কের সমর্থন পাবে, যা ম্যাজিক ফিগারের চেয়ে এক আসন বেশি।
কংগ্রেস তাদের বিবৃতিতে জানিয়েছে যে, টিভিকে-র সাথে তাদের এই জোট দুই দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি কেবল এই সরকার গঠনের জন্যই নয়, বরং ভবিষ্যতে স্থানীয় নির্বাচন, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচনের জন্যও প্রযোজ্য।’
বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকারের জন্য তামিলনাড়ুর মানুষের এই ঐতিহাসিক রায়কে সম্মান জানাতে এবং জনগণের, বিশেষ করে তামিলনাড়ুর যুবসমাজের স্বপ্ন ও প্রতিশ্রুতি পূরণে বিজয় এবং রাহুল গান্ধী যৌথভাবে অঙ্গীকারবদ্ধ।’

Comments :0

Login to leave a comment