Illegal Arms Factory

ভাগলপুরে বেআইনি অস্ত্র কারখানায় কলকাতার যোগ, ধৃত ৫

জাতীয়

বিহারের ভাগলপুরের একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার চক্র ধরা পড়েছে। সেই চক্রের সঙ্গে জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানায় কলকাতা পুলিশ। 
বিবৃতিতে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় মধুসূদনপুর থানার অন্তর্গত রহমতবাগ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চক্রটির সন্ধান পায়। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে ওই বাড়িরই এক তলায় কারখানাটি চলত। পাশাপাশি, গোটা বিষয়টিকে আড়াল করার জন্য নিচের তলায় একটি স্পিনিং মিলও রাখা হয়েছিল। 
"অভিযানের সময় ওই চক্রের একজন সহ-মালিক এবং চারজন অস্ত্র প্রস্তুতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ টি অর্ধেক তৈরি দেশীয় ৭.৬৫ মিমি পিস্তল, আটটি পিস্তল ব্যারেল, একটি লেদ মেশিন, দুটি মিলিং মেশিন, একটি হ্যান্ড গ্রাইন্ডার, প্রচুর পরিমাণে সরঞ্জাম সহ  কাঁচামাল উদ্ধার করা হয়েছে," বলেও জানানো হয় ওই বিবৃতিতে। 
অভিযুক্তদের সকলেই  মুঙ্গের জেলার কাশিমবাজার পুলিশ স্টেশনের অন্তর্গত একটি এলাকার বাসিন্দা।
কলকাতা পুলিশ আরও জানিয়েছে, সরবরাহ নেটওয়ার্ক এবং অবৈধ অস্ত্র তৈরির চক্রের সাথে সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment