ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যেই তার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি। তবে ভিডিওটি কবে এবং কোথায় তা এখনও স্পষ্ট নয়।
শনিবার মেহর নিউজ এজেন্সির ওয়েবসাইটে ১২ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করা হয়। সংস্থাটির দাবি, এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনেইয়ের একটি ভিডিও, যা এই প্রথম প্রকাশ্যে আনা হল।
ভিডিওতে মোজতবাকে একটি বন্ধ ঘরে কার্পেটের উপর বসে থাকতে দেখা যায়। তার পরনে ছিল কালো পাগড়ি ও হালকা ধূসর আলখাল্লা। চারপাশে বসে থাকা কয়েকজনের সঙ্গে তাকে কথাবার্তা ও মতবিনিময় করতে দেখা যায়। ভিডিওটি দেখে তাকে আপাতদৃষ্টিতে সুস্থই মনে হয়েছে।
তবে ভিডিওটির সময় ও স্থান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটি সাম্প্রতিক সময়ে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-ও মোজতবার একটি একই ধরনের ভিডিও প্রকাশ করেছিল। সেই ভিডিওতে তাকে ধর্মীয় শিক্ষা দিতে দেখা গিয়েছিল। সেখানেও ভিডিওটি কবে বা কোথায় করা হয়েছে, তা জানানো হয়নি।
মোজতবা খামেনেইকে ঘিরে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইজরায়েলি হামলায় তার বাবা ও ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেই নিহত হওয়ার পর মোজতবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি সামনে আসে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওই হামলায় মোজতবার মুখ ও পায়ে গুরুতর আঘাত লেগেছিল।
এরপর ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবার নাম ঘোষণা করা হয়। বয়স ৫৬ বছর হলেও, দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও সাম্প্রতিক ছবি বা কণ্ঠস্বরের রেকর্ডিং প্রকাশ্যে আসেনি। এমনকি বাবার শেষকৃত্যের অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি বলে জানা যায়।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জানিয়েছেন, মোজতবার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুব কঠিন। তবে তার সঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলি ফলপ্রসূ ছিল বলেও জানান প্রেসিডেন্ট। পেজেশকিয়ানের দাবি, মোজতবা অত্যন্ত সৌজন্যের সঙ্গে কথা বলেছেন এবং তার যুক্তি ছিল খুবই সুসংহত।
পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যক্তি মোজতবার সম্পর্কে ভিন্ন ধরনের ছবি তুলে ধরার চেষ্টা করছেন।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দাবি করেছিলেন, মোজতবা ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের চ্যানেল ১৪ সম্প্রতি দাবি করে, মোজতবার শারীরিক অবস্থা খারাপ।
এই পরিস্থিতিতে মেহর নিউজ এজেন্সির প্রকাশিত মাত্র ১২ সেকেন্ডের ভিডিওটি ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে ভিডিওটি কবে করা হয়েছিল, তার বর্তমান শারীরিক পরিস্থিতি ঠিক কেমন এবং কেন তাকে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যাচ্ছে না এই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়।
Iran
দীর্ঘ জল্পনার পর প্রকাশ্যে মোজতবা খামেনেইয়ের ভিডিও, ইরানে নতুন করে জোর চর্চা
×
Comments :0