বাদল অধিবেশনের প্রথম দিনেই তুমুল হট্টগোলের জেরে বারবার মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ। সোমবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদের বিক্ষোভ, স্লোগানের জেরে মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।
সোমবার লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরুর পর থেকেই বিরোধী সদস্যরা নিট ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অযোধ্যার রামমন্দিরের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তের দাবি জানিয়ে স্লোগান দিতে শুরু করেন।
স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, অধিবেশনের প্রথম দিনই যদি সংসদ চলতে না পারে, তবে তা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তৈরি করবে। কিন্তু বিক্ষোভ থামেনি।
এর মধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর বিল লোকসভায় পেশ করেন। মে মাসে জারি হওয়া অধ্যাদেশের পরিবর্তে আনা এই বিলে সুপ্রিম কোর্টের অনুমোদিত বিচারপতির সংখ্যা প্রধান বিচারপতিসহ ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করার প্রস্তাব রাখা হয়েছে।
কিন্তু বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
অন্যদিকে, রাজ্যসভাতেও একই চিত্র দেখা যায়। নতুন সদস্যদের শপথ গ্রহণ, প্রয়াত ব্যক্তিদের প্রতি শোকপ্রস্তাব এবং সরকারি নথি পেশের পরই বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্রথমে অধিবেশন মুলতবি হওয়ার পর দুপুরে কক্ষ পুনরায় বসলে বিরোধীরা যন্তর-মন্তরে আন্দোলনকারিদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।
বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, নিট ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে সরকার তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
এদিকে, ডিএমকে সাংসদরা কর্ণাটকের সঙ্গে তামিলনাড়ুর জলবণ্টন সংক্রান্ত বিষয়টি উত্থাপনের চেষ্টা করেন এবং ওয়েলে নামার উদ্যোগ নিলে রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন তাদের বাধা দেন।
শেষ পর্যন্ত বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।
বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের একাধিক ইস্যুতে সরব হওয়ায় আগামী দিনগুলিতে সংসদের অধিবেশন আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছে।
Monsoon Session 2026
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই অচলাবস্থা, লোকসভা-রাজ্যসভা বারবার মুলতুবি
×
Comments :0